Home » All India Football Federation: আইএসএলে অনিশ্চিত চার ক্লাবের ভবিষ্যত, কী অবস্থা কলকাতার তিন প্রধানের?

All India Football Federation: আইএসএলে অনিশ্চিত চার ক্লাবের ভবিষ্যত, কী অবস্থা কলকাতার তিন প্রধানের?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ মে: চরম অনিশ্চয়তার মুখে ইন্ডিয়ান সুপার লিগে চার ক্লাবের ভবিষ্যত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিংয়ের পরীক্ষায় ডাহা ফেল করল তারা। ফেডারেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় আগামী মরসুমের জন্য কোন কোন ক্লাব প্রিমিয়ার ১ লাইসেন্স পেয়েছে। সেই ক্লাবের তালিকায় চার ক্লাবের নাম নেই। এই চার ক্লাবের মধ্যে কি রয়েছে কলকাতার কোনও প্রধান? চলুন জেনে নেওয়া যাক।

আইএসএল ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছে গতবারের ফুটবল মরশুম। গত বছর আইএসএল ট্রফি বাদে সর্বভারতীয় ট্রফির প্রায় সবগুলিই এসেছে কলকাতায়। মোহনবাগান ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুম শুরু করেছিল। তারপর লিগ শিল্ডও চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন ব্রিগেড। আইএসলের ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে না হারলে ত্রিমুকুট জিততে পারত আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। লিগ শিল্ড জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্যে দিয়ে প্রায় ১২ বছর পর জাতীয় স্তরের ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গলও। আগামী মরশুমে এশীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে লালহলুদ শিবিরও। অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএলে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে মহামেডান স্পোর্টিং।

আরও পড়ুন:  সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন, বিকল্প….?

ফুটবল মাঠে সাফল্য আসলেও, ফেডারেশনের ক্লাব লাইসেন্সিংয়ের পরীক্ষায় সফল হতে পারলনা কলকাতার কোনও প্রধান। সরাসরি লাইসেন্স পেল না একটি ক্লাবও। তবে আগামী মরশুমে আইএসএল বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তাদের বাধা থাকবে না। কারণ, কলকাতার এই তিন প্রধানকে শর্তসাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে। একইরকম ভাবে শর্তসাপেক্ষে লাইসেন্স পেয়েছে গতবারের আইএসএল জয়ী মুম্বই সিটি এফসিও। এছাড়াও এই তালিকায় রয়েছে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড।দেশের একটি মাত্র ক্লাব সরাসরি লাইসেন্স পেয়েছে। সেটি হল পঞ্জাব এফসি।  

https://x.com/IndianFootball/status/1791058192731881791

প্রিমিয়ার এ লাইসেন্স পেতে ব্যর্থ হয়েছে মোট চারটি ক্লাব। সেই তালিকায় রয়েছে জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসির। এই দলগুলির কাছে আরও এক বার আবেদন করার সুযোগ থাকবে। যদি সে বারেও তারা পাশ করতে না পারে, তাহলে হয়তো আগামী মরশুমে আইএসএল খেলা হবে না এই চার ক্লাবের।

About Post Author