Home » Sunil Chhetri: দীর্ঘ ফুটবল জীবনে কী কী নজির গড়েছেন সুনীল ছেত্রী, একনজরে দেখে নেওয়া যাক

Sunil Chhetri: দীর্ঘ ফুটবল জীবনে কী কী নজির গড়েছেন সুনীল ছেত্রী, একনজরে দেখে নেওয়া যাক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ মে: ভারতীয় ফুটবলে একটি অধ্যায়ের অবসান হতে চলেছে। প্রায় দু’দশক ভারতীয় ফুটবলে রাজত্ব করার পর প্রাক্তন হতে চলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন। আগামী ৬ জুনই শেষবারের মত খেলতে দেখা যাবে ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে। দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু কীর্তি তিনি গড়েছেন, যা স্পর্শ করাটাই আগামী প্রজন্মের কাছে চ্যালেঞ্জের। সেগুলি, একনজরে দেখে নেওয়া যাক

আন্তর্জাতিক স্তরে গোল সংখ্যা: ভারতীয় ফুটবলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের আক্রমণ ভাগকেও তিনিই দিশা দেখাতেন। গোল সংখ্যার হিসাবে সুনীলের ধারে কাছে নেই কোনও ভারতীয় ফুটবলার। ১৫০টি ম্যাচে করেছেন ৯৪টি গোল। আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সর্বাধিক গোল করা ফুটবলারদের তালিকায় সুনীলের উপরে রয়েছেন তিনজন। তারা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আলি দাই ও লিওনেল মেসি। এদের মধ্যে প্রথম ও শেষ জন এখনও পেশাদারী ফুটবলে সক্রিয়। আর ভারতীয় ফুটবলারদের মধ্যে তার ধারে কাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে আই এম বিজয়ন করেছিলেন ৭৩ ম্যাচে ৩২ গোল। ৮৮ ম্যাচে করেছিলেন ২৯ টি গোল করে তিন নম্বরে ভাইচুং ভুটিয়া।

দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ: ভারতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচে প্রতিনিধিত্ব করার নজিরও রয়েছে সুনীল ছেত্রীর দখলে। ২০০৫ সাল থেকে দেশের হয়ে মোট ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ভাইচুং ভুটিয়ার ম্যাচ সংখ্যা সেখানে মাত্র ৮৮ টি। সক্রিয় ফুটবলারদের মধ্যে তালিকায় রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ জিঙ্ঘান। দুজনে ম্যাচ খেলেছেন যথাক্রমে ৭০ ও ৬৪ টি।

ভারত সেরা ফুটবলার সাত বার: ২৩ বছরের পেশাদারী ফুটবল জীবনে অনেক কৃত্বিত্ব অর্জন করেছেন সুনীল ছেত্রী। তার মধ্যে অন্যতম মোট সাতবার দেশের বর্ষসেরা ফুটবলারের শিরোপা। সর্বভারতীয় ফুটবল সংস্থা ১৯৮২ সালে এই পুরস্কার চালু করে। সুনীলের মত এত বার এই পুরস্কার কেউ পাননি।

উপমহাদেশে খেলা: ২০০৩ সালে মোহনবাগান থেকে পেশাদারী ফুটবল জীবন শুরু হয়েছিল সুনীল ছেত্রীর। তারপর ভারতের মোটামুটি সব প্রথম সারির ক্লাবে দাপিয়ে খেলেছেন। এশিয়া ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন। প্রথম ভারতীয় হিসাবে খেলেছেন মোট তিনটি উপমহাদেশের মাটিতে। ২০১০ সালে তিনি যোগ দিয়েছিলেন উত্তর আমেরিকার ক্লাব কানসাস সিটি উইজার্ডসে। ২০১২ সালে তিনি খেলেছেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং ক্লুব দ্য লিসবনের হয়ে। যেই ক্লাব থেকে উত্থান হয়েছিল বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

আরও পড়ুন: All India Football Federation: আইএসএলে অনিশ্চিত চার ক্লাবের ভবিষ্যত, কী অবস্থা কলকাতার তিন প্রধানের?

এছাড়াও এএফসি কাপে সর্বাধিক গোল করেছেন সুনীল ছেত্রী । দেশের জার্সিতে সর্বাধিক চারটি হ্যাটট্রিকে মালিকও তিনি। আইএসএলে প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে হ্যাটট্রিক করেন। আইএসএলে মোট তিনটি হ্যাটট্রিক রয়েছে তার দখলে। যা আর কোনও ভারতীয় ফুটবলারের নেই। আই লিগ ও আইএসএলে সর্বাধিক গোল করা ভারতীয় ফুটবলারের নামও সুনীল ছেত্রী। সব মিলিয়ে আগামী প্রজন্মের জন্য একটা সীমারেখা টেনে দিয়ে ৩৯ বছর বয়সে পেশাদারী ফুটবলকে আলবিদা জানালেন দেশের সর্বকালের অন্যতম সফল ফুটবলার।

About Post Author