Home » ভোটের আগেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, সরব অভিষেক

ভোটের আগেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, সরব অভিষেক

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ ষষ্ঠ দফার নির্বাচনের ৫ দিন আগেই  পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরিয়ে দিল  নির্বাচন কমিশন। এসপি পদ থেকে সরানো হয়েছে ধৃতিমান সরকারকে। নির্বাচনের সঙ্গে সম্পর্ক থাকবে না, এমন পদে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ষষ্ঠ দফায় ভোট রয়েছে মেদিনীপুরে। তার আগে ধৃতিমানকে দ্রুত অপসারণের নির্দেশ কমিশনের। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের কাছে তিন জনের নাম চেয়েছে কমিশন। 

আরও পড়ুন  Ebrahim Raisi: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের জাতীয় শোক ঘোষণা ভারতের

তাদের নির্দেশ, মঙ্গলবার বেলা ১১টার মধ্যে তিন অফিসারের নাম পাঠাতে হবে মুখ্যসচিবকে। এই প্রসঙ্গে মোদি সরকারকে সমাজমাধ্যমে তোপ দেগেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, যে জেলায় বিজেপি নেতাকে হিসাব-বহির্ভূত নগদের সঙ্গে ধরেছে পুলিশ, সেই জেলারই সুপারকে সরাল কমিশন। এটাই ‘মোদির গ্যারান্টি’। সমাজমাধ্যমে অভিষেক লিখেছেন, ‘রবিবার অগ্নিমিত্রা পাল ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা সমিত মণ্ডলকে হিসাব-বহির্ভূত নগদ ৩৫ লক্ষ টাকা সমেত ধরেছে জেলা পুলিশ। তাঁকে প্রধানমন্ত্রী মোদির সভামঞ্চেও দেখা গিয়েছিল। ওই জেলারই এসপিকে সোমবার বদলি করে দিল নির্বাচন কমিশন। এটাই মোদির গ্যারান্টি। ধর্ষক এবং দুর্নীতিবাজদের সুরক্ষিত আশ্রয়স্থল।’

রবিবার সমিতের গ্রেফতারি নিয়ে একটি পোস্ট সমাজমাধ্যমে দিয়েছিলেন অভিষেক। সেখানে লিখেছিলেন, খড়্গপুরের এক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপির মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পাল ‘ঘনিষ্ঠ’ সমিতকে। তিনি এও দাবি করেছিলেন, এ ভাবে ভোট কিনতে চাইছে বিজেপি। পরের দিনই অপসারিত হলেন ওই জেলার এসপি। অভিষেকের ইঙ্গিত, এই দুই ঘটনার মধ্যে যোগ রয়েছে। রবিবার পুরুলিয়ার পুলিশ সুপারকেও সরিয়ে দিয়েছে কমিশন। পুরুলিয়ার এসপি ছাড়াও আরও তিন পুলিশ আধিকারিককে ভোটের কাজ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন। ওই তিন জন পূর্ব মেদিনীপুর জেলার। কাঁথির এসডিপিও পদ থেকে সরানো হয়েছে দিবাকর দাসকে। ষষ্ঠ দফার নির্বাচনে পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে ভোট রয়েছে। তার আগে এই রদবদল। প্রসঙ্গত, গত রবিবারই পুরুলিয়ার পুলিশ সুপারকে সরিয়ে দেয় কমিশন। এছাড়া আরও তিন পুলিশ আধিকারিককে ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ঘটনার একদিন কাটতে না কাটতেই মেদিনীপুরেও বদলে গেল পুলিশ সুপার।

About Post Author