সময় কলকাতা ডেস্ক, ২৪ মেঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেট দলের। দুর্বল আমেরিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হার সাকিবদের। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বাংলা টাইগারদের হারিয়েছিল আমেরিকা। সেই জয় যে অঘটন ছিল না বোঝা গেল দ্বিতীয় ম্যাচে। টেক্সাসের সেই মাঠেই বাংলাদেশকে আবার হারাল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। ৬ রানে জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করে আমেরিকা তুলেছিল ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান। জবাবে ২০ ওভার ব্যাটই করতে পারলনা বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১৩৮ রানে গুটিয়ে গেল তাদের ইনিংস।
আরও পড়ুন মর্মান্তিক বাস দুর্ঘটনা হরিয়ানায়, বৈষ্ণদেবী যাওয়ার পথে ৭ তীর্থযাত্রীর মৃত্যু, আহত ২০
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে স্বাগতিকের হয়ে শুরুটা ভাল করেন দুই ওপেনার স্টিভেন টেলর ও মনাঙ্ক পটেল। প্রথম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন দুজনে। ২৮ বলে ৩১ রান করে আউট হন টেলর। মারেন ৩ টি চার ও ২ টি ছয়। অধিনায়ক মনাঙ্কের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪২ রানের ইনিংস। এছাড়া আমেরিকার হয়ে রান পেয়েছেন চারনম্বরে নামা অ্যারন জোনস। ৩৪ বলে ৩৫ রান করেন তিনি। এছাড়া আমেরিকার আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। অন্য ওপেনার তানজিদ হাসান শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। ১৫ বলে ১৯ রান করে আউট হন তিনি। তিন নম্বরে নামা অধিনায়ক শান্ত করেন ৩৪ বলে ৩৬ রান। বাংলাদেশের এ দিনের ইনিংসে সেই রানই সর্বাধিক। তৌহিদ হৃদয় ২১ বলে করেন ২৫ রান। এছাড়া রান পেয়েছেন অভিজ্ঞ শাকিব আল হাসান। ২৩ বলে ৩০ রান করেন তিনি। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের শেষ ছয় ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ৯২ রানে ৪ উইকেট থেকে তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৩৮ রানে। আমেরিকার সফলতম বোলার আলি খান। ২৫ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। ১৫ রানে ২ উইকেট পেয়েছেন সৌরভ নেত্রভলকর। ২ টি উইকেট পেয়েছেন শ্যাডলি ভ্যান শালউইক। ১ টি করে উইকেট পেয়েছেন কোরি অ্যান্ডারসন ও জসদীপ সিং।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র