Home » T20 World Cup 2024: বুধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু রোহিতদের, কারা থাকবেন প্রথম একাদশে?

T20 World Cup 2024: বুধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু রোহিতদের, কারা থাকবেন প্রথম একাদশে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুনঃ খুব কাছে পৌঁছেও, একদিনের বিশ্বকাপ ঘরে তোলা হয়নি ভারতের। ঘরের মাঠে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেই হারের কিছুটা ক্ষত মেটাতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে চলতি মাসের প্রথম দিন থেকে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আর বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। প্রথম ম্যাচে রোহিত ব্রিগেডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।  সেই ম্যাচে কারা থাকতে পারেন ভারতের প্রথম একাদশে? জেনে নেওয়া যাক…

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ

রোহিত শর্মা (অধিনায়ক)ঃ অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ দেওয়ার শেষ সুযোগ। ব্যাট হাতে দলের হয়ে ইনিংস তিনিই শুরু করবেন। পাওয়ার প্লে-তে তাঁর মত হার্ডহিটার এখন ভারতীয় ক্রিকেট দলে বিরল।

বিরাট কোহলিঃ রোহিতের সঙ্গে কোহলিকে ওপেন করিয়ে চমক দিতে পারে দল। সাধারণত তিন নম্বরে খেললেও আইপিএলে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে কিং কোহলির। যশস্বীর পরিবর্তে তিনি ওপেন করতে পারেন বলে সূত্রের খবর।

ঋষভ পন্থঃ চোট সারিয়ে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন হতে চলেছে। আইপিএলে বিধ্বংসী ফর্মে ছিলেন। প্রস্তুতি ম্যাচেও অর্ধশতরান করেছেন।

সূর্যকুমার যাদবঃ আইসিসির বিচারে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। তাঁর দলে থাকা এক প্রকার নিশ্চিত। দলকে এবার বিশ্বকাপের স্বাদ পেতে হলে প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সূর্যকে।

শিবম দুবেঃ আইপিএলের আবিষ্কার। তাঁর পরিচিতি বড় শট খেলার জন্য। ব্যাটের পাশাপাশি বলটাও করতে পারেন। অনেকে তার সঙ্গে দেশের কিংবদন্তী ক্রিকেটার যুবরাজ সিংয়ের মিল পান।

হার্দিক পাণ্ডিয়াঃ দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফরম্যাটে আগ্রাসী ব্য়াটিং করতে পারেন। দলের প্রয়োজনে বল হাতেও দেখা যাবে।

রবীন্দ্র জাডেজাঃ ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিষয়ে সমান পারদর্শী। আমেরিকার মন্থর পিচে জাদেজার বোলিং কার্যকর হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ Kylian Mbappe: সইসাবুদের পালা শেষ, রিয়াল মাদ্রিদে বেঞ্জেমা-রোনাল্ডোর জার্সি নম্বরেই দেখা যাবে এমবাপ্পেকে

কুলদীপ যাদবঃ বোলিং অ্যাটাকে বৈচিত্র আনবেন তিনি। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের পিচের চরিত্র যা দেখা যাচ্ছে তাতে কুলদীপ-জাদেজা জোড়া ফলা বিপক্ষের ব্যাটারদের চাপে রাখবে।

যশপ্রীত বুমরাঃ পেস বোলিংয়ে দলের প্রধান ভরসা। এই মুূহূর্তে দেশের শুধু নয় বিশ্বের অন্যতম সেরা পেসার। তার উপর দলের সাফল্য অনেকটা নির্ভর করছে।

মহম্মদ সিরাজঃ দলের দ্বিতীয় অভিজ্ঞ পেসার। মহম্মদ শামির অনুপস্থিতে দলের দায়িত্ব তাঁকেও নিতে হবে। 

অর্শদীপ সিংঃ দলের একমাত্র বাঁ-হাতি পেসার। প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন। আসল প্রতিযোগিতায় দেশকে সাফল্য এনে দিতে চান।

About Post Author