Home » T20 World Cup 2024: পেসারদের দাপট, নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের

T20 World Cup 2024: পেসারদের দাপট, নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুনঃ খাতায় কলমে লড়াইটা ছিল দুই অসম প্রতিপক্ষের। ফলাফল যা হওয়ার তাই হল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। জবাবে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় মেন ইন ব্লু ব্রিগেড। বড় ব্যবধানে জয়ের ফলে এ গ্রুপের শীর্ষে চলে গেল ভারত। নেট রান রেটের বিচারে পিছনে ফেলল গ্রুপের বাকি দলগুলিকে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের জন্য আমেরিকায় যে সব ক্রিকেট স্টেডিয়ামগুলি তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যেখানে বুধবার ভারত মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। নতুন পিচে টসে জিতে প্রথমে বিপক্ষকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্তকে মান্যতা দিলেন দলের বোলাররা। বিশেষ করে পেসাররা। ভারতীয় পেস বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল আইরিশ ব্যাটিং লাইনআপ। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করলেন। আইরিশদের হয়ে সর্বাধিক রান করলেন গ্যারেথ ডেলানি। ১৪ বলে ২৬ রান করেন তিনি। এছাড়া আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ভারতের হয়ে সফলতম বোলার হার্দিক পান্ডিয়া। নিলেন ৩ উইকেট। ২ টি করে উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। সিরাজ ও অক্ষরের ঝুলিতে গিয়েছে ১ টি করে উইকেট।

https://x.com/ICC/status/1798406894253375831

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বুধে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু রোহিতদের, কারা থাকবেন প্রথম একাদশে?

৯৬ রানের পুঁজি নিয়ে ভারতের মত শক্তিশালী ব্যাটিং ব্রিগেডের বিরুদ্ধে লড়াই করা সহজ নয়। অনামী আইরিশ বোলাররা কতটা লড়াই দিতে পারেন সেটাই ছিল দেখার। শুরুটা খুব খারাপ করেনি তারা। শুরুতেই আউট হয়ে ডাগআউটে ফেরেন বিরাট কোহলি। ৫ বলে ১ রান করেই থামতে হয় তাঁকে। কিন্তু সেই ধাক্কা সামলিয়ে নেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ। ৩৭ বলে ৫২ রান করে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। দলের সহজ জয়ে যা চিন্তায় রাখবে থিঙ্কট্যাঙ্ককে। ৪ টি চার ও ৩ টি ছয় মারেন রোহিত। রোহিত চোট পেয়ে মাঠ ছাড়লে নামেন সূর্যকুমার যাদব। ৪ বল খেলে ২ রান করে তিনি আউট হন। শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জেতান ঋষভ পন্থ ও শিবম দুবে জুটি। পন্থ ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকলেন। তার ব্যাট থেকে এল ৩টি চার এবং ২টি ছয়। শিবম রানের খাতা খোলার সুযোগই পেলেননা। আয়ারল্যান্ডের হয়ে হোয়াইট ও অ্যাডেইর একটি করে উইকেট নিলেন। ম্যাচের সেরা হয়েছেন যশপ্রীত বুমরা।

About Post Author