সময় কলকাতা ডেস্ক, ১২ জুন : ভোট মিটতেই প্রশাসনিক রদবদল। একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসক বদল করল নবান্ন। ভোটের সময় বহু আইপিএস, আমলাকে বদলি করেছিল নির্বাচন কমিশন। এবার ফের তাঁদের পুরনো পদে ফেরানোর পক্রিয়া শুরু করল নবান্ন। ভোটের সময় আইপিএস কোটেশ্বর রাওকে সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপারের পদ থেকে সরিয়েছিল কমিশন। ভোটের কাজে যুক্ত রাখা যাবে না বলে জানিয়েছিল। সেই মতো ট্রাফিক বিভাগের সুপারের দায়িত্ব সামলাচ্ছিলেন কোটেশ্বর রাও। এবার তাঁকে সুন্দরবনের পুলিশ সুপারে পদে বহাল করা হল। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কেও বদলি করা হয়েছিল। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট মিটতেই দক্ষিণ-পশ্চিম কলকাতার ডিসি বদলে বহাল করা হল সৌম্যকে। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ফিরলেন ধৃতিমান সরকার। দক্ষিণ-পশ্চিম কলকাতা ডিভিশনের ডিসি ছিলেন রাহুল দে, তাঁকে এসটিএফের ডিসি পদে নিয়োগ করা হল। আশিস মৌর্যকে পুরুলিয়ার এসপি পদে বসিয়েছিল কমিশন, তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশে ডিসি পদে নিয়োগ করা হল। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে থাকা ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশকে বারাকপুরের ডিসি করা হল। আরও বেশ কয়েকজন আইপিএস আধিকারিককে রদবদল করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এই সমস্ত আমলা এবং আইপিএসদের নির্বাচনের কাজ থেকেও দূরে রাখা হয়েছিল। তবে ভোট মিটতেই এখন তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হল। অর্থাৎ ভোটের আগে যারা যে পদে ছিলেন সেই পদেই তাঁদের ফেরানো হল। অতীতে দেখা গিয়েছে, নির্বাচন ভোট চলাকালীন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের বদলি করা হয়েছে। আর ভোট মিটতেই আধিকারিকদের পুরনো পদে ফেরানো হয়েছে। তাই এবারও তেমনই হল।
#Nabanna
#নবান্ন
#প্রশাসনিকরদবদল


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি