স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার তারা কার্যত দুরমুশ করল আমেরিকাকে। ৫৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতলেন রোভমান পাওয়েলরা। সুপার আটের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছিল এবারের প্রতিযোগিতার দুই আয়োজক দেশ। উইন্ডিজ ব্রিগেড হেরেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। আমেরিকাকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে দুটি দলই ভাল লড়াই করেছিল। এই ম্যাচে হারলে সেমিফাইনালে ওঠার লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়তে হত। সেই পরিস্থিতিতে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ দল।

টসে জিতে আমেরিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক রোভমান পাওয়েল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৯.৫ ওভারে ১২৮ রানে শেষ হয়ে যায় আমেরিকার ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার আন্দ্রে গাউস। ১৬ বল খেলে ২৯ রান করেন তিনি। মারেন তিনটি চার ও একটি ছয়। তারপর সবথেকে বেশি রান আসে নীতিশ কুমারের ব্যাট থেকে। ১৯ বল খেলে ২০ রান করেন তিনি। ২১ বলে ১৯ রান করেন মিলিন্দ কুমার। শেষ দিকে ৬ বলে ১৪ রান করেন আলি খান। নিয়মিত ব্যবধান উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমেরিকার ইনিংস। উইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। রস্টন চেজও ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন আলজেরি জোসেফ।
রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলেন উইন্ডিজের দুই ওপেনার। প্রথম সাত ওভারে ৬৭ রানের জুটি গড়েন সাই হোপ ও জনসন চার্লস। ১৪ বলে ১৫ রান করে আউট হয়ে যান চার্লস। সেই জায়গা থেকে দলকে জয় এনে দেন হোপ ও নিকোলাস পুরানের জুটি। আমেরিকার বোলারদের উপর তাণ্ডব চালান হোপ। ৩৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। চারটি চার ও আটটি ছয় আসে উইন্ডিজ ওপেনারের ব্যাট থেকে। ১২ বল খেলে ২৭ রান করে অপরাজিত থাকেন পুরান। একটি চার ও তিনটি ছয় মারেন লখনউ সুপার জায়ান্টের তারকা ক্রিকেটার। ১০.৫ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার হয়ে একটি মাত্র উইকেট পেয়েছেন হরমীত সিং।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার