স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটে বড় জয় পেল দক্ষিণ আফ্রিকা । শুক্রবার তারা হারিয়ে দিল প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডকে। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত ৭ রানে জয় পেলেন প্রোটিয়ারা। ব্যাট হাতে দুরন্ত খেললেন কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। বল হাতে দলকে নির্ভরতা দিলেন কেশব মহারাজ ও কাগিসো রাবাডা। ইংল্যান্ডের হয়ে লড়াকু ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারলেন না হ্যারি ব্রুক।

শুক্রবার সেন্ট লুসিয়ায় টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। সেই সিদ্ধান্ত ইংরেজদের বিপক্ষে যায়। শুরু থেকেই তাদের বোলারদের চাপে রেখেছিলেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও রিজা হেন্ড্রিক্স। কুইন্টন আগ্রাসী ব্যাটিং করছিলেন। রিজা ধরে খেলছিলেন। ২৫ বলে ১৯ রান করে আউট হয়ে যান তিনি। কিছুক্ষণ পরে আউট হন কুইন্টন। ৩৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চারটি করে চার ও ছয় মারেন তিনি। কুইন্টন ফিরতে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। হেনরিখ ক্লাসেন এবং এইডেন মার্করাম দলকে নির্ভরতা দিতে পারেননি। তবে দলকে ভরসা দেন দলের আর এক অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড মিলার। চারটি চার ও দুটি ছয় মারেন তিনি। ২৮ বলে ৪৩ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা খুব বেশি না। কিন্তু তার জন্য বড় রানের জুটি খেলার দরকার। সেটা করতে পারেনি ইংল্যান্ডের কোনও ব্যাটার। পরিকল্পনামাফিক বল করেন রাবাডা, মহারাজরা। তাদের দাপুটে বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম দশ ওভারে ৬১ রানে ৪ উইকেট হারায় তারা। সেখান থেকে লড়াই করে দলকে খেলায় টিকিয়ে রাখেন হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। দুজনেই দ্রুত গতিতে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। একটা সময়ে মনে হয়েছিল ম্যাচ জিতে মাঠ ছাড়বে ইংল্যান্ড। কিন্তু অষ্টাদশ ওভারে লিভিংস্টোনকে ফিরিয়ে প্রোটিয়াদের ম্যাচে ফেরান কাগিসো রাবাডা। ১৭ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তিনটি চার ও দুটি ছয় মারেন। শুধু তাই নয় রাবাডার সেই ওভারে ওঠে মাত্র চার রান। পরের ওভারে মাত্র সাত রান দেন মার্কো জানসেন। জয়ের জন্য ইংল্যান্ডের শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। প্রথম বলে ব্রুককে ফিরিয়ে ধাক্কা দেন নোখিয়া। ব্রুকের ৩৭ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস সাজানো ছিল সাতটি চারের সাহায্যে। মিড অন দৌড়ে অনবদ্য ক্যাচ নেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। তৃতীয় বলে স্যাম কারেন একটি চার মারেন। কিন্তু পরের দু’বলে এক রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল প্রোটিয়া বাহিনী।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার