Home » T-20 World Cup 2024 : সুপার আটে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে ভারত

T-20 World Cup 2024 : সুপার আটে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে কখনও হারেনি ভারত। দুই পড়শি দেশের মধ্যে অতীতে সাক্ষাৎ হয়েছে মোট চারবার। আর প্রত্যেকবার নিজেদের একাধিপত্য বজায় রেখেছে মেন-ইন-ব্লু ব্রিগেড। শনিবারও তার অন্যথা হল না। চলতি বিশ্বকাপের সুপার আটের গুরুত্বপূর্ণ ম্যাচেও জয় পেলেন রোহিত শর্মারা।  

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। বাংলাদেশের লক্ষ্য ছিল ভারতকে ১৫০-১৬০ রানের মধ্যে বেধে রাখা।  কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেন ভারতের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ভারত। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত যা পঞ্চম সর্বোচ্চ রান। সূর্যকুমার যাদব ছাড়া প্রায় সকলেই ব্যাটে রান পেলেন। দলের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি। ৩.৪ ওভারে ৩৯ রান তোলেন তারা। তারপর সাকিব আল হাসানের বলে স্টেপ আউট করে ছয় মারতে গিয়ে আউট হন রোহিত। ১১ বলে ২৩ রান করে ফেরেন ভারত অধিনায়ক। তিনি আউট হলে কোহলিরল সঙ্গে জুটি বাঁধেন পন্থ। গোটা প্রতিযোগিতায় এখনও পর্যন্ত হতাশ করেছে বিরাটের ব্যাট। এদিন রান পেলেন তিনিও। শুধু রান নয়, বেশ ফুরফুরে মেজাজে ব্যাট করতে দেখা গেল কিং কোহলিকে। ২৮ বলে ৩৭ রানের ইনিংস ১ চার ও ৩ ছয়ে সাজালেন কিং কোহলি। যখন মনে হচ্ছিল বড় রানের পথে এগোচ্ছেন, তখন তানজিম হোসেন সাকিবের বলে বোল্ড হয়ে যান। একই  ওভারে সূর্যকুমার যাদবকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন তানজিম হোসেন সাকিব। কিন্তু সেই ধাক্কা সামাল দেন ঋষভ পন্থ ও শিবম দুবে।

দলের রানকে ১০০-র গণ্ডি পেরোতে সাহায্য করলেন দুজনে। চেনা মেজাজে বড় শট খেলছিলেন পন্থ। কিন্তু আবারও রিভার্স স্যুইপ খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন।  তাঁর ব্যাট থেকে এল ২৪ বলে ৩৬ রান। ৪ চার ও ২ ছয়ে নিজের ইনিংস সাজালেন। ১১.৪ ওভারে ১০৮ রানে ৪ উইকেট ছিল ভারতের। সেই পরিস্থিতিতে দলকে বড় রানের দিকে নিয়ে গেলেন শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়া জুটি। প্রতিযোগিতার শুরুর দিকে রান পাচ্ছিলেন না শিবম। তাঁকে দলে রাখা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট খেললেন। আইপিএলের মেজাজে দেখা পাওয়া গেল শিবমকে। ২৪ বলে ৩৪ রান করে রিশাদ হোসেইনের বলে আউট হলেন। তবে ভারতের হয়ে এদিন সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেললেন হার্দিক পাণ্ডিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত রইলেন হার্দিক। ৪ চার ও ৩ ছয় মারলেন তিনি। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিলেন তানজিম হোসেইন সাকিব ও রিশাদ হোসেইন।

আরও পড়ুনঃ T-20 World Cup 2024 : ব্যর্থ ব্রুকের লড়াই, টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

১৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করছিলেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ৪.৩ ওভারে ৩৫ রান করেন তারা। বাংলাদেশের ইনিংসকে প্রথমে ধাক্কা দেন হার্দিক। ১৩ রানের মাথায় ফেরান লিটনকে। সেই পরিস্থিতে দলের হাল ধরেন তানজিদ হাসান ও নাজমুল হোসেইন শান্ত। যদিও তাদের রানের গতি কিছুটা কমে যায় ভারতীয় স্পিন বোলিংয়ের সামনে। কিছুটা চাপ তৈরি হচ্ছিল। চাপের মুখে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ফেরান তানজিদকে। টানা চার ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। তৌহিদ হৃদয় ও সাকিব আল হাসানকেও আউট করেন।

একটা সময় শেষ ৫ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৮৯ রান। বুমরার বলে অধিনায়ক শান্ত ফিরতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল।  তিনি ফিরতে আর কোনও ব্যাটার দলকে ভরসা জোগাতে পারলেন না। ভারতের মত শক্তিশালী ভারতীয় বোলিং আক্রমণের সামনে সেই রান করার সামর্থ্য বর্তমান বাংলাদেশ দলের নেই। শেষদিকে রিশাদ হোসেইন কিছুটা লড়াই করলেও পরিণাম যা হওয়ার তাই হল। ৫০ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন রোহিতরা। ভারতের হয়ে কুলদীপ ৩, বুমরা ও অর্শদীপ ২ ও হার্দিক ১ উইকেট নিলেন। ম্যাচের সেরা হার্দিক।

About Post Author