Home » মধুর প্রতিশোধ : ৭ মাস ধরে জমিয়ে রাখা যন্ত্রণার বদলা নিলেন রোহিত

মধুর প্রতিশোধ : ৭ মাস ধরে জমিয়ে রাখা যন্ত্রণার বদলা নিলেন রোহিত

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুন : ৪১ বলে ৯২ রানের ইনিংস শুধু একটি দুর্দান্ত এবং বিধ্বংসী ইনিংস ছিল না , রোহিত শর্মার ইনিংস ছিল  সাত মাস ধরে জমিয়ে রাখা যন্ত্রণা  আর কষ্টের প্রতিফলন। সাত মাস ধরে অপেক্ষা করেছিলেন তিনি।সাত মাস আগের হারের প্রতিশোধ নিতে সোমবারের ম্যাচ কেই বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। আর তার  ষোলোকলা পূর্ণ হল সূর্য কুমার, অক্ষর, কুলদীপ, বুমরা, আর্শদীপদের সাহচর্যে। বদলা নিলেন রোহিত ।

১৯ নভেম্বর ২০২৩, বিশ্বকাপের সব ম্যাচ জিতে ট্রফিতে বিজয় চুম্বন করতে চেয়েছিলেন তিনি। সেদিনও শুরুটা দারুন করেছিলেন রোহিত। ম্যাক্সওয়েলের বলে ট্রাভিস হেডের হাতে রোহিত আউট হওয়ার আগে পর্যন্ত ভারত ছিল চালকের আসনে। তিনি আর এদিন ভুল করেন নি। মনে রেখেছিলেন ফাইনালকে। নইলে বোলারদের ছন্দ নষ্ট করতে  মাঠের চারদিকে হিট নিতেন না তিনি। নইলে বিরাট কোহলি আউট হওয়ার পরে স্কোরবোর্ডে দু ওভারে ৬ রান থাকলেও অস্ট্রেলিয়ার এক নম্বর বোলার মিচেল স্টার্ককে উড়িয়ে উড়িয়ে ২৯ রান এক ওভারে তুলে আনতেন না। রোহিত জানতেন পাওয়ার প্লে তেই ভেঙ্গে ফেলতে হবে অস্ট্রেলিয়াতে। তাই হল। তিনি আর সূর্য কুমার ছাড়া অন্যরা সেরকম ভাবে আস্থা নিয়ে ব্যাট করতে না পারলেও ভারত কুড়ি ওভারের ২০৫ তুলল।

ভারতের হয়ে বোলিংয়ে তিনটে উইকেট অস্ট্রেলিয়াকে শেষ করে দিল। তিনটেই টার্নিং পয়েন্ট। প্রথম টার্নিং পয়েন্ট অক্সার প্যাটেলের দুর্দান্ত ক্যাচে মার্শের প্রস্থান। দ্বিতীয় টার্নিং পয়েন্ট কুলদীপের বলে  ম্যাক্সওয়েলের  পতন। সর্বশেষ এবং অন্তিম আঘাত আনেন বুমরা। অস্ট্রেলিয়ার প্রাণ ভোমরা  ট্রাভিস হেডকে ফিরিয়ে দিয়ে। কি আশ্চর্য সমাপতন! যে ট্রাভিস হেডের হাতে তাঁর ক্যাচ জমা পড়েছিল এক দিবসীয় বিশ্বকাপের ফাইনালে, 2024 t20 super eight পর্বের খেলায় অস্ট্রেলিয়ার  সম্ভাব্য বিদায় হয়তো সম্পূর্ণ হল রোহিতের ধরা ট্রাভিস হেডের ক্যাচে। জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন অধিনায়ক, বৃত্ত সম্পূর্ণ করলেন তিনি। ৭ মাস ৫ দিন। ২৪ রানে জিতল ভারত। বদলা নিলেন রোহিত । এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবেন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার পরাজয়  ভারতের প্রতিবেশী দুই দেশের সামনে সেমিফাইনালের দরজা খুলে দিল। আফগানিস্তানের কাজ অনেক সোজা। বাংলাদেশকে হারাতে পারলেই সোজা সেমিফাইনালে পৌঁছে যাবে আফগানিস্তান। বাংলাদেশকে অবশ্যই জিততে হবে ৬২ রানের ব্যবধানে। বাংলাদেশ ৬২ রানের কম মার্জিনে জিতলে আবার অস্ট্রেলিয়া পৌঁছে যাবে সেমিফাইনালে।ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের বিরুদ্ধে।।

About Post Author