স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুনঃ উয়েফা ইউরো কাপের গ্রুপ পর্বের খেলা শেষ। গ্রুপ পর্ব থেকে যোগ্যতা অর্জন করা ১৬ টি দলকে নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে সুপার সিক্সটিনের লড়াই। এই পর্বে জয়ী আট দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। প্রথম ম্যাচে আয়োজক দেশ জার্মানি মুখোমখি হবে ডেনমার্কের। অন্য ম্যাচে ইতালির প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

এ গ্রুপে শীর্ষে থাকা জার্মানি খেলতে নামবে সি গ্রুপের দুই নম্বরে থাকা ডেনমার্কের। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে হবে এই ম্যাচ। গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাঙ্গেরির বিরুদ্ধে জিতেছিল জার্মানরা। কিন্তু শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছিল। গতবারের ইউরোয় সুপার সিক্সটিনে হারতে হয়েছিল জার্মানিকে। তাই শনিবারের ম্যাচে নামার আগে সতর্ক জুলিয়ান নাগালসম্যানের ছেলেরা। দলে একাধিক তারকা ফুটবলার রয়েছে। যারা যে কোনও সময় ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। সেই তালিকায় রয়েছেন অ্যান্টোনিও রুডিগার, হসুয়া কিমিখ, ইকে গুণ্ডয়ান, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটৎজরা। গ্রুপ পর্বে মোট ২ টি গোল হজম করেছে আয়োজকরা। এর নেপথ্যে রয়েছেন রুডিগার। জার্মানির রক্ষণভাগের স্তম্ভ হয়ে উঠেছেন। বিপক্ষের আক্রমণভাগ রুখতে শনিবারও তার দিকে তাকিয়ে থাকতে হবে জার্মানিকে। কিমিখ ও গুণ্ডয়ানের উপর থাকবে মাঝমাঠের দায়িত্ব। প্রথমজন বিপক্ষের আক্রমণ ভাঙার দায়িত্বে থাকবেন। দ্বিতীয়জনকে দায়িত্ব নিতে হবে বলের দখল রাখার ও সতীর্থদের গোলের পাস বাড়ানোর। এই দুটি কাজেই পারদর্শী জার্মান অধিনায়ক। দলের দুই তরুণ প্রতিভা মুসিয়ালা ও রিটৎজকে নজরে রাখতেই হবে গোটা প্রতিযোগিতায় দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন দুজনেই। প্রথম দুটি ম্যাচে গোল করেছেন মুসিয়ালা। দলের হয়ে প্রথম দুটি ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছেন রিটৎজও। শনিবার ডেনমার্কের বিরুদ্ধে এই ফুটবলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। অন্যদিকে, চলতি ইউরো কাপে জয়ের দেখা পায়নি ডেনমার্ক। সি গ্রুপে তিনটি ম্যাচেই ড্র করেছে তারা। জিততে না পারলেও ইংল্যান্ডের মত শক্তিশালী দলকেও রুখে দিয়েছিল। কিন্তু তাদের দলেও বেশ কয়েকজন তারকা রয়েছেন। তারা হলেন ক্রিশ্চিয়ান এরিকসেন, মোর্টেন জুলম্যান্ড ও রাসমাস হোয়ল্যান্ড। প্রথম দুজন দলের মাঝমাঠকে সংঘবদ্ধ করার দায়িত্বে থাকবেন। আর কাঙ্ক্ষিত গোলের জন্য ডেনদের নির্ভর করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের ২১ বছরের ফুটবলার রাসমাস হোয়ল্যান্ডের উপর।
আরও পড়ুনঃ Copa America 2024 : কোপায় ফিরল সাম্বা ম্যাজিক, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল
সুপার সিক্সটিনের অন্য ম্যাচে ইতালি নামছে সুইজারল্যান্ডের। বি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটের যোগ্যতা অর্জন করেছে গতবারের ইউরো চ্যাম্পিয়নরা। একটি করে জয়, ড্র ও হারের মুখ দেখেছে তারা। এখনও তাদের খেলা মন ভরাতে পারেনি দর্শকদের। কিন্তু নকআউটের হিসেব বদলে দেওয়ার ফুটবলার ইতালি দলেও রয়েছে। গোলরক্ষক জিয়ানলুগি ডোনারুম্মা, ডিফেন্ডার রিকার্ডো ক্যালিফিওরি, আলেসান্দ্রো বাস্তোনি, মাঝমাঠে নিকো বারেলা, আক্রমণে ফেডেরিকো কিয়েসার মত তারকারা রয়েছেন। সুপার সিক্সটিনে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জেতার জন্য এই ফুটবলারদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। জার্মানির পাশাপাশি এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে একটিও ম্যাচ না হেরে নকআউটে পৌঁছেছে সুইসরা। গ্রুপের শেষ ম্যাচে জার্মানির মত প্রবল প্রতিপক্ষকে রুখে দিয়েছে। দলে ইয়ান সমার, ম্যানুয়েল আকাঞ্জি, গ্রানিথ হাকা, ড্যান এনডোয়ের মত অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। এই দলে খেলা বেশিরভাগ ফুটবলারের ক্লাব ফটবলের ঠিকানা ইতালি। ফলে সেই দেশের ফুটবলারদের সম্পর্কে ধারণা রয়েছে। তাই এই ম্যাচে লড়াই সেয়ানে সেয়ানে হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট