Home » Copa America 2024 : কোপায় ফিরল সাম্বা ম্যাজিক, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল

Copa America 2024 : কোপায় ফিরল সাম্বা ম্যাজিক, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুনঃ ড্র দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করেছিল ব্রাজিল । তাদের ছন্দহীন ফুটবলে হতাশ হয়েছিল সমর্থকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দেখা মিলল সাম্বা ম্যাজিকের। শনিবার ভারতীয় সময় ভোররাতে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল নয় বারের কোপা জয়ীরা। সেই ম্যাচে দাপটের সঙ্গে জিতলেন ভিনিসিয়াস জুনিয়াররা।  

লা ভেগাসের উলিজেন্ট স্টেডিয়ামে ৪-২-৩-১ ফরম্যাশনে দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ। সামনে রড্রিগোকে রেখে পিছনে খেলান ভিনিসিয়াস জুনিয়ার, স্যাভিও ও লুকাস প্যাকুয়েতাকে। তাদের মধ্যে চমৎকার বোঝাপড়া লক্ষ্য করা যায় প্রথম মিনিট থেকে। ৩০ মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল ব্রাজিল। বক্সের ভিতরে হাতে বল লাগিয়ে ফেলেন আন্দ্রে কুবা। ব্রাজিলকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে বল জালে রাখতে ব্যর্থ হন প্যাকুয়েতা। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ৩৫ মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও এই গোলের কৃতিত্ব গোটা দলের। দলগত আক্রমণ থেকে গোলটি হয়। পাকুয়েতার সঙ্গে ছোট পাস খেল বিপক্ষের বক্সে ঢুকে পড়েন ভিনি। তারপর গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। এগিয়ে যায় ব্রাজিল। ৪৩ মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্যাভিও। বিপক্ষের ডিফেন্ডারদের ভুলে গোল করে যান তিনি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ভিনি। বল ক্লিয়ার করতে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকার পায়ে বল তুলে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর অ্যাল্ডেরেট। সেই সুযোগকে কাজে লাগান ভিনি।

আরও পড়ুনঃ Optical Illusion:  ৩৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে হবে, ৪ শতাংশ পাঠক পেরেছেন এই ধাঁধার সমাধান করতে, আপনি তাদের একজন?

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের ভুলের সংশোধন করেন ওমর। বক্সের বাইরে বুক দিয়ে বল নামিয়ে ভলিতে জালে জড়ান। ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন সেই শট আটকাতে পারেননি। ৬৫ মিনিটে ফের পেনাল্টি পায় ব্রাজিল। ভাবা হয়েছিল গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করবেন ভিনি। কিন্তু তিনি বল তুলে দেন প্রথম পেনাল্টি মিস করা পাকুয়েতার হাতে। দ্বিতীয়বার আর ভুল করেননি ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার। প্যারাগুয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন। ৮১ মিনিটে আন্দ্রে কুবা লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশমিনিটের বেশি সময় নয়জনে খেলতে হয় প্যারাগুয়েকে। কিন্তু আর ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।

About Post Author