স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাইঃ মাত্র পাঁচ বছর আগে ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে মাত্র তিন ধাপ উপরে ছিল জর্জিয়া। সেই জর্জিয়াই চলতি ইউরো কাপে ইতিহাস রচনা করেছে। রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে প্রথম বারের জন্য তারা জায়গা করে নিয়েছিল ইউরো কাপের সুপার সিক্সটিনে। কিন্তু তাদের সেই লড়াই থামিয়ে প্রতিযোগিতার কোয়ার্টারে পৌঁছে গেল স্পেন। যদিও খেলার শুরুতে পিছিয়ে পড়ে লুই দে লা ফুয়েন্তের ছেলেরা। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল জর্জিয়া। সেখান থেকে ৪-১ গোলে ম্যাচ জিতল তারা। স্পেনের হয়ে গোল করেন রড্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও ড্যানি অলমো। কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হবে এবারের প্রতিযোগিতার আয়োজক জার্মানির।

ম্যাচের শুরু থেকে প্রথাগত পাসিং ফুটবলে বিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে স্পেন। মাত্র ৬ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু ড্যানি কার্ভাহালের শট আটকে দেন জর্জিয়া গোলরক্ষক জিয়োর্জো মামাদাশভালি। স্পেনের পাসিং ফুটবলের মোকাবিলা করতে প্রতি আক্রমণকে বেছে নিয়েছিল জর্জিয়া। সেরকম একটা আক্রমণ থেকে গোল পেয়ে যায় তারা। ১৮ মিনিটে ডান প্রান্ত থেকে ভারাতস্কেলিয়ার ক্রস স্পেনের এক ডিফেন্ডারের পেটে লেগে জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে স্পেন। সমতা ফেরাতে তারপর মরিয়া হয়ে ওঠে তারা। বলের দখল নিজেদের পায়ে রেখে আক্রমণে ঝাঁঝ বাড়ায়। ৩৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্পেন। বক্সের বাইরে থাকা রড্রিকে পাস দিয়েছিলেন নিকো উইলিয়ামস। সেই বল ধরে বাঁ পায়ের গড়ানে শটে গোল করেন রড্রি। বিরতির সময় খেলার ফল ছিল ১-১।
আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : হারের মুখ থেকে প্রত্যাবর্তন, বেলিংহামের গোলে ইউরোর কোয়ার্টারে ইংল্যান্ড
দ্বিতীয়ার্ধে খেলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় দে লা ফুয়েন্তে বাহিনীর দখলে। তাদের টিকিটাকা ফুটবলের কোনও জবাব জর্জিয়া দলের কাছে ছিল না। ৫০ মিনিটে লেমিন ইয়ামালের গোলের ঠিকানা লেখা পাস থেকে হেডে গোল করেন ফ্যাবিয়ান রুইজ। এগিয়ে যায় স্পেন। গোল হজম করে আক্রমণে লোক বাড়ায় জর্জিয়া। কিন্তু স্পেনের প্রেসিং ফুটবলে বারবার তাদের আক্রমণ নিজেদের বক্সের মধ্যেই আটকে থাকে। খেলা যত গড়ায় তত শক্তিশালী মনে হয় স্পেনকে। ৭৫ মিনিটে নিকো উইলিয়ামস ব্যবধান ৩-১ করেন। রুইজের দেওয়া পাস ধরে একাই বিপক্ষের সব ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জড়িয়ে দেন জালে। ৮৫ মিনিটে জর্জিয়াকে শেষ ধাক্কাটা দেন ড্যানি অলমো। বক্সের বাইরে থেকে মাটি ঘেঁষা শটে গোল করেন তিনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার