Home » Mohun Bagan : ফ্রি-কিক থেকে দুরন্ত গোল শিবাজিতের, তবু ভবানীপুরের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান

Mohun Bagan : ফ্রি-কিক থেকে দুরন্ত গোল শিবাজিতের, তবু ভবানীপুরের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুলাইঃ বড় ব্যবধানে জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। কিন্তু জয় দিয়ে কলকাতা লিগ শুরু করতে পারল না মোহনবাগান । মঙ্গলবার ব্যারাকপুরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুটবল স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। খেলার ফল ১-১। প্রথমার্ধে ফ্রিকিক থেকে  শিবাজিৎ সিংয়ের করা দর্শনীয় গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু সেই গোল শোধ করে দেন ভবানীপুর জীতেন মুর্মু।  

ধারে ও ভারে ভবানীপুরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান। যদিও কলকাতা লিগে সবুজ মেরুন শিবির দল গড়েছে রিজার্ভ দলের ফুটবলারদের রেখে। তবে মোহনবাগান জার্সিতে মাঠে নামলে সমর্থকরা জেতার আশা করবেন এটাই স্বাভাবিক। কারণ কলকাতার তিন প্রধান মাঠে নামে জেতার জন্য। কিন্তু মাঠের লড়াইয়ে নিজেদের ক্লাবের নামের প্রতি সুবিচার করতে পারলেন না দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা। ব্যারাকপুরের মাঠে বরং মোহনবাগানের থেকে ভাল ফুটবল খেলল ভবানীপুর। কলকাতা ময়দানে মোহনবাগান ও ভবানীপুর এই দুই ক্লাবের সম্পর্কটা অনেকটা দাদা ও ভাইয়ের মত। এদিন অবশ্য ভাইয়েরাই দাপট দেখাল। যদিও ম্যাচের শুরুতেই গোল পেয়ে গিয়েছিল মোহনবাগান। বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় তারা। ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন শিবাজিৎ সিং। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় মনে হয়েছিল আরও খোলা মনে খেলবে গতবারের আইএসএল লিগ শিল্ড জয়ীরা। কিন্তু কোথায় কী! ১৭ মিনিটের মাথায় গোল হজম করে বসে তারা। ভবানীপুরকে এগিয়ে দেন জীতেন মুর্মু। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১।  

আরও পড়ুনঃ Mohammedan Sporting CFL : দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, খিদিরপুরের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল মহামেডান স্পোর্টিংকে

আরও পড়ুনঃ Mohun Bagan Signs Tom Aldred : ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে চমক দিল মোহনবাগান

দ্বিতীয়ার্ধেও আক্রমণের বিচারে মোহনবাগানকে টেক্কা দেয় ভবানীপুর । বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। একাই হ্যাটট্রিক করতে পারতেন জীতেন। কিন্তু ভাগ্যদেবী মোহনবাগানের সহায় থাকায় গোল হজম করতে হয়নি। গোটা ম্যাচে বল দখলের লড়াইয়েও দাদাদের দলকে পিছনে ফেলল ভাইয়েরা। অনেক গুছিয়ে ফুটবল খেলল তারা। উল্টোদিকে মোহনবাগানের ফুটবল শ্রীহীন। শেষের কয়েক মিনিট আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছিল সবুজ মেরুণ জার্সিধারীরা। কিন্তু ততক্ষণে নিজেদের রক্ষণ গুছিয়ে নিয়েছে ভবানীপুর। ফল ১-১ গোলে ম্যাচ শেষ করে মাঠ ছাড়ল দুই দল।

About Post Author