স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাইঃ ইউরো কাপের সুপার সিক্সটিনের খেলা শেষ। এই পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোট আট দল। সর্বশেষ দল হিসেবে প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিল তুরস্ক । মঙ্গলবার লিপজিগের রেড বুল অ্যারেনায় তারা হারিয়ে দিল অস্ট্রিয়াকে। খেলার ফল ভিনসেঞ্জো মন্টেল্লার দলের পক্ষে ২-১। সাধারণত জোড়া গোল করে দলকে ম্যাচ জেতানোর কৃতিত্ব পেতেন আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু এই ম্যাচে তুরস্ককে জোড়া গোল করে ম্যাচ জেতালেন তাদের রক্ষণভাগের ফুটবলার মেরি ডেমিরাল। লড়াই করে একটি গোল শোধ করতে পারলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি অস্ট্রিয়া।

ডি গ্রুপের শীর্ষে থেকে ইউরো কাপের সুপার সিক্সটিনে উঠেছিল অস্ট্রিয়া। পিছনে ফেলে দিয়েছিল ফ্রান্স, নেদারল্যান্ডের মত শক্তিশালী দলকে। লড়াকু ও সংঘবদ্ধ ফুটবলে নজর কেড়েছিলেন রাল্ফ রাগনিকের ছেলেরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছনো হল না তাদের। বুধবার তারা হেরে গেল তুরস্কের কাছে। মাত্র ৫৭ সেকেন্ডের মাথায় গোল করে তুরস্ককে এগিয়ে দিয়েছিলেন মেদি ডেমিরাল। তুরস্কের নির্বিষ কর্নার ক্লিয়ার করতে গিয়ে বিপদ ডেকে আনেন দুই অস্ট্রিয়ান ডিফেন্ডার। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন ডেমিরাল। পাশাপাশি প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোলের মালিক হলেন। গোল হজম করে আক্রমণে চাপ বাড়ায় অস্ট্রিয়া। কিন্তু গোলের দেখা পায়নি। তুরস্কও প্রান্তিক আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু প্রথমার্ধে স্কোরবোর্ডে আর পরিবর্তন হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম একাদশে কয়েকটি বদল করেন অস্ট্রিয়ার কোচ। তুরস্কের বক্সে পাল্টা প্রান্ত দিয়ে আক্রমণ করতে থাকেন সাবিৎজাররা। অনেকটা ডানপ্রান্তে সরে গিয়ে বক্সে বল সরবরাহ করছিলেন অস্ট্রিয়ান অধিনাক। ৫১ মিনিটে বিপক্ষের গোলরক্ষককে অরক্ষিত পেয়েও গোল করতে পারেননি আর্নাউটোভিচ। লাইমারের একটি শট পোস্টের সামান্য পাস দিয়ে বেরিয়ে যায়। পরপর আক্রমণে বিপক্ষের নাভির শ্বাস তুলে দেন অস্ট্রিয়ান ফুটবলারেরা। ৫৯ মিনিটে খেলার গতির বিপরীতে ফের ধাক্কা খায় রাগনিকের দল। কর্নার থেকে হেডে ফের গোল করেন ডেমিরাল। ০-২ গোলে পিছিয়ে পড়ে অস্ট্রিয়া।
আরও পড়ুনঃ Copa America 2024 : গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
তখনও হাল ছাড়েনি অস্ট্রিয়া। অনেকটা ওপেন ফুটবল খেলেন সাবিৎজাররা। ৬৬ মিনিটে একটি গোল শোধও করে দেন তারা। গোল করেন মাইকেল গ্রেগরিচ। এই গোলের উৎসও কর্নার থেকে। পরের মিনিটেই গ্রেগরিচের শট বাচিয়ে দেন তুরস্কের গোলরক্ষক গুনক। তবে তিনি ম্যাচের বা বলা বাহুল্য প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সেরা সেভটি করেন খেলার শেষ মিনিটে। বাউমগার্টনারের শট প্রায় গোললাইন অতিক্রম করে গিয়েছিল। বাজপাখীর মত ছোঁ মেরে সেই বল বাইরে করেন গুনক। তার ওই সেভই ইউরো থেকে অস্ট্রিয়ার বিদায় নিশ্চিত করে।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে