Home » মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে চিনে ভেঙে পড়ল ব্রিজ, মৃত অন্তত ১১, নিখোঁজ যাত্রীবোঝাই ২০ গাড়ি

মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে চিনে ভেঙে পড়ল ব্রিজ, মৃত অন্তত ১১, নিখোঁজ যাত্রীবোঝাই ২০ গাড়ি

সময় কলকাতা ডেস্ক, ২০ জুলাইঃ মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে ভয়াবহ দুর্ঘটনা চিনে।শাংসি প্রদেশে নদীতে ভেঙে পড়ল ব্রিজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পাঁচটি গাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এখনও অবধি নিখোঁজ যাত্রীবোঝাই ২০টি গাড়ি। তাতে আরও প্রায় ৩০ জন যাত্রী থাকার সম্ভবনা রয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন  সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা বেজে ৪০ মিনিট নাগাদ চিনের শাংসি প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। শাংসি প্রদেশের ঝাশুই কাউন্টিতে ড্যানিং এক্সপ্রেসওয়েতে ব্রিজটি ভেঙে পড়ে নদীতে। সেখানেই নদীতে ভেসে যায় একাধিক গাড়ি। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই জরুরিভিত্তিতে উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে উদ্ধারকারী দল। এখনও অবধি খোঁজ মিলেছে মাত্র পাঁচটি গাড়ির। উদ্ধার করা হয়েছে ১১টি মৃতদেহ। পাশাপাশি যাত্রীবোঝাই ২০টি গাড়ি এখনও নিখোঁজ। তাতে আরও প্রায় ৩০ জন যাত্রী থাকার সম্ভবনা রয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ব্রিজের একটি ভাঙা অংশ নদীতে পড়ে রয়েছে। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে উত্তর এবং মধ্য চিনের মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল ব্যাহত হয়েছে।


উল্লেখ্য, একটানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই ভয়াবহ পরিস্থিতি চিনে। উত্তর এবং মধ্যে চিনের বিস্তীর্ণ অংশ কার্যত জলের তলায়। শাংসি প্রদেশের বাওজি শহরের অধিকাংশ এলাকাই জলের নীচে। একইরকম পরিস্থিতি মরুভূমি শহর গানসু এবং মধ্য চিনের হেনানেও। এর আগে গত মে মাসেও নাগাড়ে বৃষ্টির জেরে দক্ষিণ চিনের একটি জাতীয় সড়ক ধসে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৫৮ জনের।

About Post Author