স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুলাইঃ জল্পনার অবসান। ভারতীয় ফুটবল দলের আগামী কোচের নাম ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ। লড়াইয়ে সকলকে পিছনে ফেলে ভারতীয় ফুটবলের হটসিটে বসতে চলেছেন মানোলো মার্কুয়েজ । শনিবার এই স্প্যানিশ অভিজ্ঞ কোচের নাম ঘোষণা করল এআইএফএফ। বর্তমানে আইএসএলের দল এফসি গোয়ার কোচের পদে তিনি রয়েছেন। জানা গিয়েছে জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেও এখনই ক্লাবের দায়িত্ব ছাড়তে হচ্ছে না মার্কুইজকে। যা ভারতীয় ফুটবল তো বটেই বিশ্বফুটবলেও নজিরবিহীন ঘটনা।

মানোলো মার্কুয়েজ নামটা ভারতীয় ফুটবলে নতুন নয়। ২০২০ সালে হায়দরাবাদের হাত ধরে ভারতীয় ফুটবলে নাম লেখান তিনি। ২০২১-২২ মরশুমে তাঁর প্রশিক্ষণে ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জেতে নবাবের শহরের ফুটবল দল। ২০২২ সালে ইএসপিএনের বিচারে ভারতের সেরা কোচের তকমা পান তিনি। ২০২৩ সালে তাঁকে কোচ নিযুক্ত করে এফসি গোয়া। এখনও সন্দেশ ঝিঙ্ঘানদের দলকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। এই মরশুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে গোয়ার। তার মধ্যেই ভারতীয় দলের দায়িত্বও ৫৫ বছরের মার্কুইজের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল ফেডারেশন। গোয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে পুরোপুরিভাবে জাতীয় দলের কোচ হিসাবে কাজ শুরু করবেন মার্কুয়েজ। ভারতীয় ফুটবল ছাড়াও বিদেশের বিভিন্ন নামী ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। স্প্যানিশ লিগের ক্লাব এসপ্যানয়েলের যুব দল, লস পালমাস, এ.ই প্র্যাটের মত ক্লাব রয়েছে সেই তালিকায়।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মার্কুয়েজ নিজেও। তিনি জানিয়েছেন, “ভারত আমার দ্বিতীয় ঘর। এই দেশের লোকের সঙ্গে আমি আত্মিকভাবে যুক্ত। প্রথমবার ভারতে এসে সেটা আমি বুঝতে পারি। সমর্থকদের মুখে হাসি ফোটানোই আমার প্রধান কাজ হবে। আমি সম্মানিত এই দায়িত্ব পেয়ে।” ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে গোয়া এফসিকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, “গোয়া মার্কুয়েজকে ছাড়তে রাজী হওয়ায় আমরা কৃতজ্ঞ। তিনি ভবিষ্যতে দেশের ফুটবলকে সঠিক পথে নিয়ে যাবেন। আমরা আশা রাখি তাঁর হাত ধরে ভারত ফুটবলে সাফল্য পাবে। ক্লাব ও জাতীয় দলের জোড়া দায়িত্ব একসঙ্গে সামালাতে তিনি যাতে অসুবিধে বোধ না করেন সেই দায়িত্ব ফেডারেশনের।”


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?