স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুলাইঃ কলকাতা লিগে বড় ধাক্কা মহামেডান স্পোর্টিয়ের। টানা দুই ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল সাদা-কালো ব্রিগেড। শনিবার ঘরের মাঠে তারা ১-৩ গোলে হেরে গেল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে নায়ক সুজল মুণ্ডা।

বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। শনিবারের ম্যাচে নামার আগে পাঁচ ম্যাচের মধ্যে তিনটে জয়, একটি ড্র ও একটি হারের মুখ দেখেছিল তারা। ডেভিডের মত তারকার দলবদল ও দলে চোট আঘাতের কারণে বেশ চাপে ছিল কলকাতার তৃতীয় প্রধান। যদিও স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচে দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। কিন্তু তাঁকে ম্যাচ শেষে নিরাশ হয়েই মাঠ ছাড়তে হল। কারণ ইউনাইটেডের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা।
শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। বেশ কয়েকবার বিপক্ষের বক্সে পৌঁছে গেলেও কোনও দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে মিডফিল্ডার তন্ময় ঘোষের শট পোস্টে লেগে ফেরে। বেশ কয়েকবার দুই দলের গোলরক্ষককেও শক্ত হাতে দলের অবধারিত পতন রুখতে দেখা যায়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ডান দিকে ফ্রি-কিক পায় ইউনাইটেড স্পোর্টস। তারক হেমব্রমের নেওয়া সেন্টার থেকে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন রোমিংথাঙ্গা। সেই গোল শোধের সুযোগ পেয়ে যায় মহামেডান। পর পর আক্রমণ করতে থাকেন সাদা-কালো জার্সিধারীরা। কিন্তু বিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের দক্ষতায় সমতা ফেরাতে পারেনি।
আরও পড়ুনঃ Indian Football : লড়াইয়ে ছিলেন দেশী-বিদেশী কোচেরা, শেষ পর্যন্ত কে বসলেন ভারতীয় ফুটবল দলের হটসিটে?
৮১ মিনিটের মাথায় উল্টে আবারও গোল হজম করে বসে মহামেডান। তারক আর সুজল নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণে ওঠেন। তারপর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন সুজল। চেষ্টা করেও সেই বল বাঁচাতে পারেননি মহামেডান গোলরক্ষক। ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মহামেডান। ৯০ মিনিটের মাথায় একটি গোল শোধও করে তারা। একক দক্ষতায় বিপক্ষের ফুটবলারদের বোকা বানিয়ে গোল করেন মহীতোষ রায়। গোলশোধের সুযোগ পেয়েছিলেন মহীতোষ। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর ফ্রিকিক বাঁচিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক। সংযুক্ত সময়ের একদম শেষের দিকে গোলরক্ষকের মারাত্মক ভুলের মাশুল দিতে হয় মহামেডানকে। বক্সের বাইরে থেকে সুজলের নেওয়া নির্বিষ শট তালুবন্দী করতে পারেননি তিনি। পায়ের তলা দিয়ে বল চলে যায় গোলের ভিতর। ১-৩ গোলে পিছিয়ে পড়ে মহামেডান। আর খেলায় ফিরতে পারেনি তারা।


More Stories
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?