স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুলাইঃ দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার জল্পনায় পড়ল সরকারী সিলমোহর। অষ্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এ লিগে চারবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য সোনার বুট জিতেছেন। এবার চার বছরের চুক্তিতে গঙ্গাপারের ক্লাবে সই করলেন ম্যাকলারেন।

আগামী মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলবে মোহনবাগান। তাই শক্তিশালী দল গড়ছেন কর্তারা। বাড়তি নজর দেওয়া হচ্ছে দলের আক্রমণভাগে। জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোসের পাশে খেলার জন্য দলে নেওয়া হল আর এক বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে। এই নিয়ে প্রথমবারের জন্য আইএসএলের কোনও দলে তিনজন বিশ্বকাপারকে খেলতে দেখা যাবে। ২৯ জুলাই প্রাক-মরশুম অনুশীলন শুরু করবে মোহনবাগান দল। সেদিন থেকেই অনুশীলনে যোগ দেবেন ম্যাকলারেন। ২৮ তারিখ দলের অন্য সদস্যদের সঙ্গে কলকাতায় চলে আসবেন তিনি।
আরও পড়ুনঃ Bhaichung Bhutia : মার্কুয়েজকে কোচ বাছতেই অসন্তোষ, টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন ভাইচুং
আরও পড়ুনঃ Sri Lanka Premier League Final 2024 : লঙ্কা প্রিমিয়ার লিগে ‘রুশো’ বিপ্লব খেতাব জিতল জাফনা কিংস
অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন সিটির হয়ে গত পাঁচ বছর খেলেছেন ম্যাকলারেন। গত তিন বছর তাঁর দল এ লিগ চ্যাম্পিয়ন হয়। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ম্যাকলারেনের। পাঁচ বছরে ১৪২ ম্যাচ খেলে ১০৩ গোল করেছেন। যা ক্লাবের ইতিহাসে আর কোনও ফুটবলার করতে পারেননি। চারবার জিতেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। মেলবোর্ন সিটির আগে ব্ল্যাকবার্ন রোভার্স, পার্থ গ্লোরি, ব্রিসবেন রোরের হয়ে খেলে প্রচুর গোল করেছেন। ঐতিহ্য, ইতিহাস ও ট্রফি জয়ের খিদে থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ম্যাকলারেন। তিনি বলেন, “মোহনবাগান ক্লাবের সমর্থকদের আবেগ ও ভালবাসা আমাকে আকর্ষিত করেছে। ভারতের খাবারও আমার প্রিয়। অস্ট্রেলিয়ায় অনেক সম্মান পেয়েছি। এবার ভারতে নিজেকে প্রমাণ করতে চাই।” পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মোহনবাগানের খেলা দেখছেন বলেও দাবি করেছেন। ডার্বিতে ৬০ হাজার দর্শকের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ম্যাকলারেন। আরও ট্রফি জয়ের আশ্বাস দিয়েই ভারতে আসছেন ৩০ বছরের বিধ্বংসী স্ট্রাইকার।


More Stories
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব