Home » নিট ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

নিট ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা

সময় কলকাতা ডেস্ক, ২২ জুলাইঃ NEET UG- এর প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। তারই মধ্যে সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনই নিট ইস্যুতে উত্তাল সংসদ। অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হন বিরোধীরা। এদিন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধি , অখিলেশ যাদবরা। ইন্ডিয়া জোটের বাকি শরিকরাও একই সুরে সরকারকে চেপে ধরে। নিট ইস্যুকে কেন্দ্র করে এদিন রাহুল গান্ধি বলেন, ‘শুধুমাত্র নিট নয়, সমস্ত বড় পরীক্ষাতেই সমস্যা রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সকলকে দোষ দিচ্ছেন। অথচ নিজের দোষ দেখতে পাচ্ছেন না। উনি হয়তো বুঝতেও পারছেন না, কী ঘটছে। এই অবস্থার অবসান দরকার।’ এরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে কটাক্ষের সুরে অখিলেশ যাদব বলেন, প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড গড়বে এই সরকার। যতক্ষণ ধর্মেন্দ্র প্রধান শিক্ষা মন্ত্রকের ক্ষমতায় থাকবেন, ততক্ষণ পড়ুয়ারা সুবিচার পাবেন না। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।’ অখিলেশের সমর্থনে কংগ্রেসের প্রবীণ সাংসদ মনিককম টেগর বলেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। অখিলেশ যাদবের এহেন মন্তব্যের পর ক্ষোভ উগরে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। এখনও প্রমাণিত হয়নি। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সিবিআই তদন্ত করছে। দোষীদের গ্রেফতারও করা হচ্ছে।’

আরও পড়ুন   Sri Lanka Premier League Final 2024 : লঙ্কা প্রিমিয়ার লিগে ‘রুশো’ বিপ্লব খেতাব জিতল জাফনা কিংস

উল্লেখ্য, গত সপ্তাহেই NEET UG- এর হলফনামা পেশ করেছে সিবিআই। হলফনামায় বিরোধীরা যে ব্যাপক অনিয়মের অভিযোগ করছিল, সেটা খানিকটা লঘু করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সোশ্যাল মিডিয়ায় ওই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি। স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে, তবে সেটা স্থানীয় স্তরে। এদিকে, নিট ইউজি -এর প্রশ্নফাঁস মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও চলেছে তল্লাশি। শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে।

নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন। এছাড়াও দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া।

#কেন্দ্রীয়শিক্ষামন্ত্রীধর্মেন্দ্রপ্রধান

#EducationMinisterDharmendraPradhan

#NEET-UG 

About Post Author