স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ জুলাইঃ কলকাতা লিগে আবার ধাক্কা মোহনবাগানের । মঙ্গলবার কলকাতা পুলিশের কাছে আটকে গেল সবুজমেরুন ব্রিগেড। কল্যাণী স্টেডিয়ামে তাদের ম্যাচ শেষ হল ১-১ গোলে। পাশাপাশি কলকাতা লিগে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা আরও কঠিন হল ডেগি কার্ডোজ়োর দলের। যদিও সুহেল ভাটের করা গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। তারপর দুটি পেনাল্টিও পায় তারা। ম্যাচের অনেকটা সময় বিপক্ষের দশজনের বিরুদ্ধে খেলেও জিতে মাঠ ছাড়তে পারল না সবুজ মেরুন শিবির।

ম্যাচের শুরু থেকে বলের দখল ছিল মোহনবাগানের কাছেই। কিন্তু বিপক্ষের বক্সের কাছে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন সুহেলরা। জমাট রক্ষণ করে বারবার মোহনবাগান ফুটবলারদের রুখে দিচ্ছিল পুলিশ দল। ৯ মিনিটেই এঙ্গসন সিংয়ের বক্সের মধ্যে থেকে নেওয়া শট লক্ষ্যে থাকেনি। ১৮ মিনিটে সুযোগ নষ্ট করেন সুহেল। চল্লিশ মিনিটে গোলের দেখা পায় মোহনবাগন। ফার্দিন আলি মোল্লার কর্নার থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল। প্রথমার্ধের শেষের দিকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল সবুজ মেরুন। সুহেলকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। কিন্তু ফার্দিনের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন পুলিশ গোলরক্ষক মহীদুল।
আরও পড়ুনঃ Women’s Asia Cup 2024 : নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
দ্বিতীয়ার্ধের শুরুতেও আবার পেনাল্টি পায় মোহনবাগান। বক্সের মধ্যে এবার ফাউল করা হয় লেওয়ান কাস্তানাকে। শট নিয়েছিলেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী। কিন্তু তিনিও বারের উপর দিয়ে শট উড়িয়ে দেন। দুমিনিট পরেই সমতা ফেরায় পুলিশ। খেলার গতির বিপরীতে গিয়ে গোল করেন রবি দাস। ব্যবধান বাড়ানোর জন্য ফের মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। টাইসন সিং ও সালাহউদ্দিনকে নামিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়ান মোহনবাগান কোচ। অন্যদিকে রক্ষণে লোক বাড়িয়ে কোনও মতে তাদের রুখে দিচ্ছিল পুলিশ। এই সময় একের পর এক সহজ সুযোগ নষ্ট করে মোহনবাগান ফুটবলাররা। সংযুক্তি সময়ে পুলিশের তৌহিদ প্রথমে লালকার্ড দেখেন বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করে। দশজনে হয়ে যায় পুলিশ। তারপরেও গোল করতে পারেনি মোহনবাগান। বরং শেষদিকে বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহনবাগানের অভিষেক।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার