স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুলাইঃ জয় দিয়ে ডুরান্ড কাপে নিজেদের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় বায়ুসেনাকে হারিয়ে দিল তারা। লাল-হলুদের পক্ষে খেলার ফল ৩-১। প্রথমে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল কার্লেস কুয়াদ্রাতর ছেলেরা। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম গোল পেলেন ডেভড লালানসাঙ্গা ও দিমিত্রিয়স দিয়ামানতাকোস। অন্য গোলটি এল সল ক্রেসপোর পা থেকে। ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম নেমে নজর কাড়লেন মাদিহ তালালও। দুটি গোলের ক্ষেত্রে পাস বাড়ালেন তিনি। সব মিলিয়ে মোহনবাগান দিবসের দিন বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠ ছাড়ল লাল-হলুদ ফুটবলাররা।

কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। প্রতি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন সায়ন, বিষ্ণুর মত ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ফুটবলাররা। তারমধ্যে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেও জয় পেল দলের বড়রা। ম্যাচের শুরু থেকে দাপট দেখায় লাল হলুদ ব্রিগেড। ২ মিনিটের মাথায় মহেশের ফ্রি-কিক ডেভিডের মাথা ছুঁইয়ে পোস্টে লেগে মাঠের বাইরে চলে যায়। ১৯ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে গোল পেয়ে যায় বায়ুসেনা। ডানপ্রান্ত থেকে সৌরভ সাধুখাঁর বাড়ানো ক্রসে হেড করে গোল করেন সোমানন্দ সিং। প্রথমার্ধের বাকি সময় খেলা হয় ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের সঙ্গে বায়ুসেনার রক্ষণ ভাগের। কিন্তু প্রথমার্ধের শেষে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। মাদিহ তালালের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে যান ডেভিড। তারপর গতিতে বিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করে ঠান্ডা মাথায় বিপক্ষের গোলরক্ষকের মাথার উপর থেকে বল জড়িয়ে দেন জালে। গত মরশুমে মহামেডান স্পোর্টিংয়ের জার্সিতে ডুরান্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ডেভিড। এবার ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে সমর্থকদের নির্ভরতা দিলেন।
আরও পড়ুনঃ Mohun Bagan : ঐতিহাসিক দিনেই অনুশীলন শুরু মোহনবাগানের, পুষ্পবৃষ্টিতে বরণ করা হল প্রিয় ফুটবলারদের
দ্বিতীয়ার্ধের শুরুতে দিমিকে নামিয়ে দেন কুয়াদ্রাত। তিনি যে গোলের বুট কেরালায় ফেলে আসেননি প্রমাণ করলেন গ্রীক ফুটবলার। ৬১ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে মার্ক জোথানপুইয়ার বাড়ানো ক্রস থেকে হেড করে গোল করেন গত আইএসএলের সোনার বুটজয়ী স্ট্রাইকার। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় লাল হলুদ। দিমির বাড়ানো পাস থেকে গোল করেন সল ক্রেসপো। বাকি সময় বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ