পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাই : ইস্টবেঙ্গলে এলেন এফিয়ং জুনিয়ার। বিগত কয়েকদিন ধরেই ভালো মানের বক্স টু বক্স স্ট্রাইকারের জন্য মরিয়া হয়ে বিভিন্ন এজেন্টের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ইস্টবেঙ্গল। অবশেষে লাল হলুদে সই সারলেন দীর্ঘদেহী নাইজেরিয়ান তারকা স্ট্রাইকার এফিয়ং এনসুঙ্গুসি জুনিয়ার। তিনি দানি রামিরেজের পরে পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গলে আসা দ্বিতীয় বিদেশী ফুটবলার। আইএসএল বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিক মার্কাস মেরগুলহাও জানিয়েছেন, এফিয়ং জুনিয়ারের ইস্টবেঙ্গলে সই সাবুদ পর্ব সারা হয়ে গিয়েছে। ডিফেন্সে নাচো ও মাঝ মাঠে রামিরেজ় এবং রাশিদের পরে তিনি আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি।
উল্লেখ্য, নাইজেরিয়ার ২৭ বছর বয়সী ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট স্ট্রাইকার বিগত আইএসএল মরশুমে পাঞ্জাব এফসির হয়ে ১২ টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭ টি, অ্যাসিস্ট করেছেন ৩ টি গোলে। তবে তার চেয়েও চোখ ধাঁধানো পারফরমেন্স তিনি করেছেন দু বছর আগে রোমানিয়ার টপ ডিভিশন ক্লাব এসোসিযয়েটা ইউটিআই আরাদের হয়ে। ২৬টি ম্যাচে ১৮ টি গোল করেছিলেন তিনি। উজবেকিস্তানের টপ ডিভিশনেও তিনি খেলেছেন। উজবেক লিগে ধারাবাহিক ভাবে গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর। এফিয়ঙের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ঘানার প্রিমিয়ার লিগে, যেখানে ৮৪ টি ম্যাচে ৩২ গোল রয়েছে তাঁর। ডেনমার্কের প্রথম ডিভিশনে দুটি মরশুম খেলেছেন তিনি যেখানেও ৩৮ টি গোল করেছেন তিনি। যদি এফিয়ং-এর ক্যারিয়ার স্ট্যাটিসটিকসের দিকে নজর রাখা যায় তাহলে তর্কের অবকাশ নেই যে ইস্টবেঙ্গলের হয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে এত সফল স্ট্রাইকার খুব কমই এসেছেন। এখন দেখার হাবাসের প্রশিক্ষণে দানি রামিরেজ এবং রাশিদের সঙ্গে জুড়ি বেঁধে লাল হলুদের হয়ে কতটা সফল হন এফিয়ং জুনিয়র।
ইস্টবেঙ্গলে এলেন এফিয়ং জুনিয়ার #ইস্টবেঙ্গল #effiong


More Stories
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচকে খুনের হুমকি!
সেরেনাকে ছুঁতে পারবেন সাবালেঙ্কা?
স্বপ্নের দৌড় অব্যাহত বেন শেলটনের