Home » Train Accident : হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন,একাধিক ট্রেনের রুট বদল, দেখুন তালিকা

Train Accident : হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন,একাধিক ট্রেনের রুট বদল, দেখুন তালিকা

সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ হাওড়া-সিএসএমটি মেল(Howrah-CSMT Mail) দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর ওই ট্রেনটির মোট ১৮ টি কোচ লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১৬ টি যাত্রীবাহী কোচ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও অবধি দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এদিকে, হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেল হাওড়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাত্রীদের সুবিধার জন্য হেল্প ডেক্স খোলা হয়েছে। একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। পরিবর্তন এবং সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের যাত্রাপথও। এক্সপ্রেস বা মেমু বা মেমু এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দুটো ট্রেনই বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুর পথে হাওড়া স্টেশনে আসার ফলে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা দেরিতে ঢুকবে।

আরও পড়ুন  ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে-
০৮০১৫ খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল। ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস।১২০২১/১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ১৩৫১২/ ১৩৫১১ আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস। ২২৮৬১ হাওড়া–কান্তাবানজি এক্সপ্রেস। ০৮০১৫/১৮০১৯ খড়গপুর – ধানবাদ এক্সপ্রেস। ১২০২১/ ১২০২২ বারবিল – হাওড়া এক্সপ্রেস। ১৩৫১২/১৩৫১১ আসানসোল – টাটা – আসানসোল এক্সপ্রেস।

অন্যদিকে, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এই তালিকায় রয়েছে-
১২২৬২ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস দুরন্ত এক্সপ্রেস মঙ্গলবার হাওড়া থেকে ছাড়ার পর খড়গপুর-ভদ্রকের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
১৩২৮৮ আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস আসানসোল- জয়চণ্ডী পাহাড়- বোকারো- রাউরকেল্লা হয়ে ঘুরে যাবে।
১২১৩০ হাওড়া- পুনে এক্সপ্রেস
১৮০০৫ হাওড়া- জব্বলপুর এক্সপ্রেস
১২৮৩৪ হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস
১৮৪৭৭ পুরী-হৃষিকেশ এক্সপ্রেস
১৮০২৯ লোকমান্য তিলক কুরলা- শালিমার এক্সপ্রেস
১২৮৫৯ ছত্রপতি শিবাজী-হাওড়া এক্সপ্রেস
১২৮৩৩ আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে হাওড়া-সিএসএমটি মেল মুম্বইয়ের দিকে যাওয়ার আগে প্রথমে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার চারটি বগি দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া হাওড়া-মুম্বই মেলের ৮০ শতাংশ যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০ শতাংশ যাত্রীকে চক্রধরপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেনে গন্তব্যে পৌঁছনো হচ্ছে।

#TrainAccident  

#HowrahMumbaiMailAccident 

#HowrahCSMTExpress 

#Latestbengalinews

About Post Author