স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অগষ্ট: সময়ের সঙ্গে কলকাতা লিগে ছন্দে ফিরছে মোহনবাগান। সোমবার ইস্টার্ন রেলওয়েকে ৫-০ গোলে হারাল তারা। দলের হয়ে হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন আদনান কে। মোহনবাগানের দাপটের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রেল।

কলকাতা লিগে ইস্টার্ন রেলওয়ের একটা ইতিহাস রয়েছে। একটা সময় জাতীয় দলকেও অনেক ফুটবলার উপহার দিয়েছে তারা। এই দলের হয়ে খেলেছেন ভারতের হয়ে এশিয়াডে সোনা পাওয়া ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তবে সেই দিন আর নেই। অনেকটা পিছিয়ে গিয়েছে এই দল। মোহনবাগানের বিরুদ্ধে লজ্জার মুখে পড়তে হল তাদের। সবুজ মেরুনের রিজার্ভ দলের দাপটের সামনে টিকতেই পারলনা তারা।
আরও পড়ুন: Paris Olympics 2024: আলকারাজকে হারিয়ে অলিম্পিক্সে প্রথম সোনা জিতলেন জোকোভিচ
প্রথমার্ধে যদিও ১-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। ডান প্রান্ত থেকে টাইসনের বাড়ানো পাস থেকে গোল করেন ফারদিন আলী মোল্লা। বাকি সময় প্রাধান্য মোহনবাগানের হলেও গোলের ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধে সময় যত গড়িয়েছে তত আক্রমণের ধার বাড়িয়েছে ডেমি কার্ডোজোর দল। দ্বিতীয়ার্ধে দলের হয়ে গোলের খাতা খোলেন সালাউদ্দিন। ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস ধরে গোল করেন তিনি। রেলের গোলরক্ষক জায়গা ছোট করেছিলেন কিন্তু গোল করতে ভুল করেননি বাঙালি স্ট্রাইকার। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন রাজ বাসফোর। তারপর দলের হয়ে চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সালাউদ্দিন।
একটা সময় কলকাতা লিগ তালিকার তলানিতে ছিল মোহনবাগান। ছিল অবনমনের আশঙ্কাও। কিন্তু গত দুই ম্যাচে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে মোহনবাগান। এদিন ইস্টার্ন রেলকেও সেই ছন্দেই হারিয়ে পরের পর্বে যাওয়ার দিকে একধাপ এগিয়ে গেল গঙ্গাপারের ক্লাব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার