সময় কলকাতা ডেস্ক, ১০ অগস্টঃ আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল বাংলা। খুনের আগে ওই পড়ুয়া চিকিৎসককে শারীরিক নিগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছেন খোদ কলকাতার পুুলিশ কমিশনার বিনীত গোয়েল। গোটা ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক সংবাদমাধ্যমে তিনি দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক অভিযুক্তকে আটক করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় রায়। তিনি কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার্সের কাজে যুক্ত ছিলেন। শনিবার ধৃতকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ধৃত যুবককে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 
প্রসঙ্গত, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজন অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তের সন্ধান মিলেছে। শনিবার দুপুরে অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়। জানা গিয়েছে, এজলাসে সরকারী পক্ষের আইনজীবী এই ঘটনার নৃশংসতা বোঝাতে দিল্লির নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন।


More Stories
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?