সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সরে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। ওদিকে রাজস্থান, উত্তর প্রদেশ এবং অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার দিনভর ভারী বৃষ্টি চলবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। যার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এদিকে, বৃষ্টির জেরে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১. ২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৬ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টা পুরোপুরি ঝাড়খণ্ড থেকে তা সরে যাবে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তা এগোচ্ছে। এদিকে, নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে, উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০