Home » হাইকোর্টের নির্দেশের পরেও একবালপুরে ভাঙা হয়নি বেআইনি নির্মাণ, ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার

হাইকোর্টের নির্দেশের পরেও একবালপুরে ভাঙা হয়নি বেআইনি নির্মাণ, ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার

সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কলকাতা পুরসভা। গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পরেও বহাল তবিয়তে বেআইনি নির্মাণ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও একবালপুরে ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। কার্যত সে কারণেই এবার কলকাতা পুরসভার উপর তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা। অভিযোগ, বহুতল তৈরিতে পুরসভার নিয়মকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে দ্বিতীয় তলের উপরে উঠে গিয়েছে আরও একটি তলা। একইভাবে একবালপুর ডেন্ট মিশন রোডে একটি ছ’ তলা বিল্ডিং নির্মাণ ভাঙতে মাস কয়েক আগে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন বিচারপতি অমৃত সিনহা। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর করা হয়নি। উপরন্তু বেআইনি নির্মাণ ভাঙতে আরও সময় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক ব্যক্তি। তারই পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘বার বার নির্দেশ সত্ত্বেও বেআইনি বাড়ি ভাঙতে ব্যর্থ পুরসভা। যেখানে রাতারাতি বাড়ি তৈরি হয়ে যায়, আর তা ভাঙতে কলকাতা পুরসভার বছর ঘুরে যায়। ‘ এদিন কলকাতা পুরসভার কাছে বিচারপতি অমৃতা সিংহ জানতে চেয়েছেন, কিসের জন্য এত দিন দেরি হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার কাজে।

আরও পড়ুন  RG KAR Hospital Student Death : চলছে কর্মবিরতি, গ্রেফতার নিরাপত্তারক্ষী, ধর্ষণের মামলা রুজু

এ জবাবে কলকাতা পুরসভার আইনজীবী আদালতে বলেন, ‘ আদালতের নির্দেশ মতো বেআইনি নির্মাণ ভাঙার কাজ হচ্ছে। কিন্তু এই কাজ সম্পন্ন করতে সময় দিতে হবে। কেননা ঐ এলাকায় এতটাই ঘিঞ্জি যে পুরসভা তাদের যন্ত্রপাতি ঠিকমত ব্যবহার করতে পারছে না। এমনকী গ্যাস কাটার হাতুড়ি দিয়ে ছয় তলা বাড়ি ভাঙতে হচ্ছে। সেই জন্যই ধীরগতিতে কাজ চলছে। এরপরই এদিন পুরসভার আইনজীবী আশ্বাস দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ‘ বিচারপতি অমৃতা সিনহা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভাকে সময় দিয়েছেন বহুতল বাড়ি ভাঙার জন্য। ওই দিন আদালতে কলকাতা পুরসভার পুর কমিশনারকে ওই মর্মে হলফনামা জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে মারা যান ১৩ জন। তারপরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল কলকাতা পুরসভা। পুর ইঞ্জিনিয়ারদের এলাকা ঘুরে দেখার নির্দেশও দেওয়া হয়। শহরে বেআইনি নির্মাণের রমরমা নিয়ে সম্প্রতি নবান্নে এক বৈঠকে একাধিক পুরসভাকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যায়নি কলকাতা পুরসভাও। বেআইনি নির্মাণের পিছনে কার বা কাদের মদত থাকছে, তা নিয়ে উষ্মা প্রকাশের পাশাপাশি এমন নির্মাণের ফলে ভবিষ্যতে বড় অঘটন ঘটলে সেই দায় কে নেবে, সে প্রশ্নও তুলেছিলেন মমতা।

#JusticeAmritaSinha 

#CalcuttaHighCourt 

#Latestbengalinews 

About Post Author