Home » বিনেশ রুপো পাবেন কিনা জানা যাবে কবে?

বিনেশ রুপো পাবেন কিনা জানা যাবে কবে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ অগস্ট: প্যারিস অলিম্পিক্সে কি শেষ পর্যন্ত পদক পাবেন বিনেশ ফোগাট? এই নিয়ে জোর চর্চা চলছে ক্রীড়া মহলে। প্রাপ্য পদক থেকে বঞ্চিত না হোক ঘরের মেয়ে প্রার্থনা করছে দেশবাসীও। মঙ্গলবার ছিল বিনেশের মামলার রায়দান। কিন্তু সেদিন কোনও সমাধান সূত্রে আসতে পারল না আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ফের পিছিয়ে গেল এই মামলার রায়দান। জানা গিয়েছে আগামী ১৬ অগস্ট বা শুক্রবার এই রায় জানানো হবে। রাত সাড়ে নটায় এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আবারও রায়দন পিছিয়ে যাওয়ায় হতাশ ভারতীয় ক্রীড়া মহল। এই নিয়ে মোট তৃতীয় বার এই মামলার রায়দান পিছল।

আরও পড়ুন   RG Kar Doctor Deathঃ আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, দিল্লি থেকে এল সিবিআই-এর বিশেষ দল

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন বিনেশ। তাঁকে ঘিরে সোনার পদকের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ফাইনালের দিন জানা যায় তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। কারণ সকালে ওজন করার সময় দেখা যায় তাঁর শরীরের ওজন রয়েছে ৫০ কিলোগ্রাম ১০০ গ্রাম। বাড়তি ওজনের জন্য তাঁকে বাতিল করা হয়। প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনাল জিতে নেন তাঁর প্রতিদ্বন্দ্বী। এমনকি ওই খেলায় শুধুমাত্র সোনা ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল। বিশ্ব কুস্তি সংস্থার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল ক্রীড়া মহলের একাংশ। রুপোর পদকের জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন বিনেশ। তিনি দাবি করেছিলেন, ফাইনাল পর্যন্ত ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তাহলে ফাইনালে খেলতে না পারলেও, তাঁকে রুপো দেওয়া উচিত। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশের হয়ে সওয়াল করেন ফ্রান্সের চার জন আইনজীবী। এছাড়া ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে, বিনেশ শাস্তি পাওয়ার মত অপরাধ করেননি। তিনি চাইলে অসদুপায় অবলম্বন করতে পারতেন, তিনি তাও করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছিলেন। তিন ঘণ্টা ধরে এই মামলা শোনেন আদালতের বিচারক অ্যানাবেল বেনেট।

গত শুক্রবার এই মামলার শুনানি শেষ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে রায় ঘোষণা হবে। কিন্তু পরে সেই রায়দানের সময় পিছিয়ে করা হয় শনিবার ভারতীয় সময় রাত সাড়ে নটায়। কিন্তু তাও হয়নি। ফের রায়দানের দিন পিছিয়ে হয় মঙ্গলবার। কিন্তু মঙ্গলবারও ঝুলে রইল বিনেশের পদক পাওয়ার ভবিষ্যত। সেই সময় পিছিয়ে আগামী শুক্রবার করা হল।

#বিনেশফোগাট

#VineshPhogat

About Post Author