Home » আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, শনিবার দেশ জুড়ে ব্যাহত চিকিৎসা পরিষেবা

আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, শনিবার দেশ জুড়ে ব্যাহত চিকিৎসা পরিষেবা

সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। গত শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। শুক্রবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আইএমএ জানিয়েছে, শনিবার অর্থাৎ ১৭ অগস্ট, সকাল ৬টা থেকে শুর হবে ধর্মঘট। চলবে রবিবার ১৮ অগস্ট সকাল ৬টা পর্যন্ত। এই ২৪ ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না। আইএমএ স্পষ্ট জানিয়েছে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই ধর্মঘট।

আরও পড়ুন  RG KAR Hospital Student Death: আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ-সহ ৩ জনকে তলব সিবিআইয়ের

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠন আইএমএ বলেছে, ‘ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। কিন্তু ওপিডি-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। এমনকী যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে।’

এর আগে গত বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস। ঐদিন রাজ্যের অনেক হাসপাতালের আউটডোর বন্ধ থাকার পর রোগী ভোগান্তির চিত্র উঠে এসেছিল। চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছিল, জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনওরকম পরিষেবা দেবেন না তাঁরা। যেভাবে আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন হতে হয়েছে তারই প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আরজিকর-সহ রাজ্যজুড়ে চলা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছিল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

#IndianMedicalAssociation 

#RGkarHospital  

#RGkarPrincipalSandeepGhoshresigned  

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author