সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে আন্দোলনে পথে নামেন মেয়েরা। এদিন রাতেই মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড আরজিকর মেডিক্যাল কলেজে। গোটা হাসপাতাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় বহিরাগতরা। এই হামলার পরিপ্রেক্ষিতে এবার আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও সিবিআই-এর অধিকর্তাকেও চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিকে, আরজিকরের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি (BJP)। জানা গিয়েছে, শুক্রবার থেকে আর জি কর হাসপাতালের সামনে লাগাতার অবস্থান শুরু করবেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই(সি)।
উল্লেখ্য, স্বাধীনতার মধ্যরাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিল আমজনতা। মূলত মহিলাদের ডাকা কর্মসূচি হলেও সেখানে বহু পুরুষরা সামিল হতে দেখা যায়। এই প্রতিবাদের মাঝেই আরজিকর হাসপাতালে পুলিশি ব্যারিকেড ভাঙে কয়েক হাজার দুষ্কৃতী। তারপর চলে অবাধে ভাঙচুর। এমার্জেন্সি ওয়ার্ড, নার্সিং স্টেশন ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এমনকী, সেমিনার হল, যেখানে তিলোত্তমার উপরে নারকীয় অত্যাচার হয়েছিল, সেখানেও ভাঙচুর চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। তবে ওই জায়গায় পৌঁছতে পারেনি হামলাকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আহত হন একাধিক পুলিশ কর্মী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছে ডিসি নর্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও। তবে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, পুলিশ নিজেদের বাঁচাতেই হাসপাতালের ভিতরে কোথাও কোথাও লুকিয়ে পড়ে। সেসময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে গিয়ে রোগীর পরিবারদের, মহিলা কর্মীদেরও মারধর করে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আরজিকরের জুনিয়র চিকিৎসকরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি