Home » Earthquake: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত পাকিস্তানেও

Earthquake: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত পাকিস্তানেও

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্টঃ ফের তীব্র আতঙ্ক ভূস্বর্গে। মঙ্গলবার সকালে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের মাত্রা ৪.৮। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ভূমিকম্প হয় ভূস্বর্গে। কাশ্মীরের বারামুল্লা-সহ আশপাশের জেলাগুলোতে কম্পন অনুভূত হয়। এদিন সাত সকালে জোড়া ভূমিকম্পের কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ভূস্বর্গের বাসিন্দারা। তবে, ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। এরপর ৬টা ৫২মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। দ্বিতীয়টি ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রথমে কম্পন অনুভূত হয় বারামুল্লাতেই। এরপর ৭ মিনিটের ব্যবধানে ফের কম্পন হওয়ায় বাসিন্দাদের আতঙ্ক বাড়তে থাকে। জানা গিয়েছে, বারামুল্লা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। তবে এখনও পর্যন্ত এর জেরে তেমন কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অন্যদিকে, এদিন কম্পন অনুভূত হয় পাকিস্তানেও।

আরও পড়ুন   চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

এর আগে গত ৮ আগস্ট ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। কম্পনের জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু ও শিকোকু দ্বীপপুঞ্জও কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে, ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। কিউশুর দক্ষিণ উপকূল ও নিকটবর্তী শিকোকু দ্বীপে ১ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পের জেরে মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা ও এহিমেতেও সুনামি সতর্কতা জারি করা হয়।

#AterribleearthquakeshookJammu&Kashmir

#USGeologicalSurvey 

#NationalCenterforSeismology

#Earthquake

About Post Author