Home » Real Madrid: লা লিগায় ফের পয়েন্ট নষ্ট রিয়াল মাদ্রিদের উত্তরণের সন্ধানে কোচ আন্সেলোত্তি

Real Madrid: লা লিগায় ফের পয়েন্ট নষ্ট রিয়াল মাদ্রিদের উত্তরণের সন্ধানে কোচ আন্সেলোত্তি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অগস্ট: লা লিগায় ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার গ্রান ক্যানারিয়ায় লস পালমাসের বিরুদ্ধে আটকে গেল কার্লে আন্সেলোত্তির দল। খেলা শেষ হল ১-১ গোলে। এই নিয়ে এবারের লা লিগায় তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার ড্র করল লস ব্ল্যাঙ্কোরা। সব মিলিয়ে উত্তরণের সন্ধানে রিয়ালের বর্ষীয়ান কোচ।

আরও পড়ুন Alex Saji: কলকাতার কোন প্রধানে দেখা যাবে সাজিকে?

চলতি মরশুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা ফুটবলারকে নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে রিয়াল সমর্থকদের। উয়েফা সুপার কাপে দলের হয়ে অভিষেক ম্যাচে গোল করে, তা আরও বাড়িয়ে দিয়েছিলেন বিশ্বজয়ী এই ফুটবলার। কিন্তু লা লিগায় এখনও গোলের দেখা তিনি পাননি। লস পালমাসের বিরুদ্ধেও সেই গোলের সন্ধান তিনি পেলেন না। মোট নয়টি শটের মধ্যে মাত্র দুইটি রাখতে পারলেন সঠিক লক্ষ্যে। ফরাসি তারকার গোলের মধ্যে না থাকা চিন্তা বাড়াবে রিয়াল শিবিরে।

এই ম্যাচ অমীমাংসিত থাকার পিছনে কৃতিত্ব রয়েছে দুই দলের দুই অভিজ্ঞ গোলরক্ষকের। একদিকে আন্তনিও রুডিগার, ফেদেরিকো ভালভের্দে, অঁরেলিয়ে চুয়ামেনি ও ভিনিসিয়ুসের শট অসাধারণ দক্ষতায় রুখে দিলেন পালমাসের গোলরক্ষক জ্যাসপার কিলিসেন। এমবাপ্পের নেওয়া একটি ভাল শটও তিনি রুখে দেন। অন্যদিকে, রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবু কুরতোয়াও কয়েকটি অবিশ্বাস্য সেভ করেন। তবে দুই দলের গোলরক্ষককে একবার করে পরাস্ত হতে হয়েছে। খেলা শুরুর ৫ মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে গোল হজম করতে হয় রিয়ালকে। পালমাসের আলবার্তো মলেইরা প্রায় একক দক্ষতায় গোল করে যান। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করে রিয়াল। ৬৯ মিনিটের মাথায় বিপক্ষের এক ডিফেন্ডার বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র। এটাই এই মরশুমে ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রথম গোল।

 

এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচে রিয়াল। লা লিগায় রিয়ালের পরের ম্যাচ আগামী রবিবার। রিয়াল বেতিসের বিরুদ্ধে নামবেন ভিনিরা। কিন্তু তার আগে দলের ফুটবলারদের ফর্ম চিন্তায় রাখবে কোচ আন্সেলোত্তিকে।

#RealMadrid

Kylian Mbappe

#laliga
#Uefasupercup
#JasperKillisen
#CarleAncelotti

About Post Author