Home » স্টার্লিং আর্সেনালে, স্যাঞ্চো চেলসিতে, দলবদলের শেষদিনেও একাধিক চমক

স্টার্লিং আর্সেনালে, স্যাঞ্চো চেলসিতে, দলবদলের শেষদিনেও একাধিক চমক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: দলবদলের শেষদিনেও আকর্ষণীয় হয়ে উঠল ট্রান্সফার উইন্ডো। ১৪ জুন শুরু হয়েছিল গ্রীষ্মকালীন দলবদলের বাজার। প্রথম দিন থেকেই নিজেদের ঘর গুছিয়ে নিতে নেমে পড়েছিল ইউরোপের নামী ক্লাবগুলি। প্রায় দেড়মাস ধরে ফুটবলাররা এক দল ছেড়ে নতুন দলে নাম লেখালেন। অন্য দল থেকে নতুন ফুটবলারকে দলে নেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। সেদিনও একাধিক ফুটবলার নতুন দলে যোগ দিলেন।

আরও পড়ুন  UEFA Champions League 2024: বেড়েছে চারটি দল, AI যুগে চ্যাম্পিয়ন্স লিগের সূচি নিশ্চিত করল বিশেষ সফটওয়্যার

এর মধ্যে উল্লেখ্য রহিম স্টার্লিং ও জেডন স্যাঞ্চো। ইংল্যান্ডের জাতীয় দলের দুই উইঙ্গার যোগ দিলেন প্রতিদ্বন্দ্বী ক্লাবে। চেলসি থেকে আর্সেনালে নাম লেখালেন স্টার্লিং। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দিলেন স্যাঞ্চো। এই দুজনের দল ছাড়ার পিছনে রয়েছে কোচের সঙ্গে মনোমালিন্য। চেলসির দায়িত্ব নেওয়ার পর কোচ এন্টসো মারেস্কা জানিয়ে দিয়েছিলেন, তাঁর দলে স্টার্লিংয়ের জায়গা নেই। নতুন মরশুমে নতুন দলের সন্ধানে ছিলেন ২৯ বছরের ইংল্যান্ড তারকা। এবার তিনি যোগ দিলেন আর্সেনালে।

একই পরিস্থিতির শিকার হতে হয়েছে স্যাঞ্চোকেও। অনেক দিন ধরেই তাঁর সঙ্গে সম্পর্কের অবনতি হয় ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের। গত মরশুমে তাঁকে খেলতে হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। এবার তিনি লোনে যোগ দিলেন চেলসিতে।

২০২১ সালে ব্রেন্টফোর্ডের প্রিমিয়ার লিগে উঠে আসায় বড় ভূমিকা ছিল ইভান টনির। এবার ইংল্যান্ড ছেড়ে সৌদি আরবে গেলেন ইভান টনি। ২৮ বছর বয়সী ইংরেজ স্ট্রাইকারকে ৪ কোটি পাউন্ডে দলে নিল আল আহলি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি টানলেন স্কট ম্যাকটমিনে। সাড়ে তিন কোটি ইউরোতে তিনি নাম লিখিয়েছেন ইতালির ক্লাব নাপোলিতে। অন্যদিকে, পিএসজি থেকে ইউনাইটেডে যোগ দিলেন মানুয়েল উগার্তে। উরুগুয়ের ২৩ বছর বয়সী মিডফিল্ডারকে ৫ কোটি ইউরোতে ৫ বছরের জন্য দলে নেওয়া নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্লাব।

#SterlingatArsenal 

#JadonSancho 

#RaheemSterling 

#Transferwindow 

#Arsenal

About Post Author