Home » Virat Kohli: ফ্যাভ ফোরে পিছিয়ে বিরাট, পরিসংখ্যান বদলে দিয়ে রুট এখন শীর্ষে

Virat Kohli: ফ্যাভ ফোরে পিছিয়ে বিরাট, পরিসংখ্যান বদলে দিয়ে রুট এখন শীর্ষে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ আগস্টঃ বাকি ফরম্যাটে ছন্দ খুঁজে পেলেও, ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্টে বিরাটের পরিসংখ্যান তলানিতে। শেষ চার বছরে এসেছে মাত্র দুটি শতরান। সেই দিক থেকে অনেক এগিয়ে গিয়েছেন ইংরেজ ব্যাটার জো রুট । ২০২০ সালের পর থেকে টেস্টে ১৬টি শতরান করেছেন তিনি। যা ফ্যাভ ফোরের সবার থেকে বেশি।

সাধারণত, ২০১৪ সাল থেকেই টেস্ট ক্রিকেটে বহু চর্চিত চারটি নাম বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন। একটি দশকের সেরা চার ব্যাটার, ক্রিকেট মহল যাদের নাম দেয় ‘ফ্যাভ ফোর’। প্রথম ছয় বছর আকাশছোঁয়া পরিসংখ্যানের ফলে বিরাটের স্থান ছিল ফ্যাভ ফোরের শীর্ষে। তবে রুটের পরিসংখ্যান ২০২০ সালের পর থেকে লাফিয়ে বেড়েছে। কমবেশি সমতা রেখেছেন বাকি দুজন স্মিথ ও উইলিয়ানসনও। কিন্তু বিরাট তলিয়ে যাচ্ছে দিনে দিনে। চার বছরে তালিকা সম্পূর্ণ উল্টে গিয়েছে। এখন তালিকার প্রথমে রয়েছেন রুট। তারপর ক্রমানুযায়ী স্টিভ স্মিথ ও কেন উইলিয়ানসন। সবার শেষে বিরাট কোহলি। শুধুই শতরান নয়, পিছিয়ে পড়েছেন টেস্ট রানেও। এগারো হাজার পাঁচশো নিরানব্বই (১১,৫৯৯) রান করে রুট ধরা ছোঁয়ার বাইরে। নয় হাজার ছয়শো চৌত্রিশ (৯,৬৩৪) রয়েছে স্মিথের খাতায়। তারপরেই রয়েছেন কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক করেছেন আট হাজার আটশো আটচল্লিশ (৮৮৪০) রান। সব শেষে আট হাজার আটশো চেষট্টি (৮৮৬৪) রান রয়েছে কিউয়ি ব্যাটার উইলিয়ামসনের নামে।

আগের বছরেই ভারত অজিদের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছে। দলের তারকা ব্যাটার বিরাটের প্রদর্শন ছিল নিন্দনীয়। দুটি ইনিংসে আসেনি একটিও অর্ধ শতরান। দুই ইনিংসে তাঁর মোট সংগ্রহ তেষট্টি রান। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৪৯। ২০২০ সালের পর থেকে যে দুটি শতরান এসেছে, তার মধ্যে একটি ঘরের মাঠে অপরটি তুলনামূলক দুর্বল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে। এবছরের শেষেই ভারত ক্যাঙ্গারুর দেশে খেলতে যাবে বর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগে একমাত্র লাল বলে ভারত খেলবে বাংলাদেশ সিরিজ। এই সিরিজ বিরাট-সহ গোটা দলের বাকি ব্যাটারদের জন্যেও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: আঠারোর লক্ষ্যে নামছে মোহনবাগান, ইতিহাস লিখতে চায় নর্থ ইস্ট, শনিবারের ডুরান্ড ফাইনালে এগিয়ে কোন দল?

বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কথায় “এরা চার জনেই সমগোত্রীয়। এদের আলাদা করা কঠিন। ছন্দে থাকার সময় বিরাট একের পর এক শতক করেছেন। আর বিরাট তিন ফরম্যাটেই সেরা ছিলেন। রুট সেখানে শুধুই টেস্টে নজর করেছে। তবে বিরাট এখন কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, আগামী দিনে সেটা বিরাটকে টেস্টে বেশিমনযোগ দিতে সাহায্য করবে”।

About Post Author