স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ সেপ্টেম্বরঃ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার সিটি। সেই সঙ্গে স্বপ্নের ফর্মে রয়েছেন দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড । গত ম্যাচে ইপ্সউইচ টাউনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন নরওয়ের গোলমেশিন। শনিবার ঘরের মাঠে হ্যাটট্রিক করলেন তিনি। তাঁর দাপটেই ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে দিলেন পেপ গুয়ার্দিওলার ছেলেরা। পাশাপাশি তিন ম্যাচে নয় পয়েন্ট লিগ শীর্ষে পৌঁছে গেল সিটিজেনরা।

তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক-সহ সাত গোল করে চলতি প্রিমিয়ার লিগে জীবনের অন্যতম সেরা ফর্মে রয়েছেন হালান্ড। এটা লিগে তাঁর অষ্টম হ্যাটট্রিক। মাত্র ৬৯ ম্যাচ খেলে এই নজির গড়েছেন তিনি। গত দুই মরশুমে সিটির হয়ে সোনার বুটও জিতেছেন হালান্ড। তৃতীয় মরশুমেও বিপক্ষের ডিফেন্ডারদের কপালের ভাঁজ চওড়া করেছেন ২৪ বছরের ফুটবলারটি। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দেওয়ার পর তাঁর ফেলায় বিস্ময় প্রকাশ করেছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি বলেছেন, “আর্লিং হালান্ড অপ্রতিরোধ্য। তাঁকে রোখার ক্ষমতা লিগে কোনও ডিফেন্ডারের নেই। তাঁরা বন্দুক নিয়ে চেষ্টা করলেও পারবেন না। এটা অসম্ভব, হালান্ড খুব শক্তিশালী।” তাঁর বক্তব্য খুবই সঙ্গত। কারণ গত দুই মরশুমেই ম্যান সিটির আক্রমণভাগের স্তম্ভ হয়ে উঠেছেন। আকাশী জার্সিধারীদের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১০২ ম্যাচ। মোট ৯৭টি গোল করেছেন হালান্ড।
আরও পড়ুনঃ Doctor Arrest: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেফতার এক চিকিৎসক
শনিবারের ম্যাচে ইতিহাড স্টেডিয়ামে শুরুতে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে ওয়েস্ট হ্যাম। যদিও ম্যাচের ১০ মিনিটে বার্নার্দ সিলভার দুরন্ত থ্রু বল ধরে গোলের খাতা খোলেন হালান্ড। ১৯ মিনিটে রুবেন ডায়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। কিন্তু ৩০ ও ৮৩ মিনিটে ফের জোড়া গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন হালান্ড। দ্বিতীয় গোলটি তিনি করেন রিকো লুইসের পাস ধরে। হ্যাটট্রিক গোলের ক্ষেত্রে তাঁকে পাস বাড়ান ম্যাথিউস নুনেজ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার