স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত লিভারপুলের। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরাশায়ী করল অল রেডরা। তাও ইউনাইটেডের ঘরের মাঠে। আর্নে স্লটের দলের হয়ে জোড়া গোল করলেন লুই দিয়াজ। অন্য গোলটি আসে মহম্মদ সালাহর পা থেকে।
আরও পড়ুন জোড়া গোলে সমালোচকদের মুখ বন্ধ করলেন এমবাপ্পে, রিয়াল বেটিসকে হারাল রিয়াল মাদ্রিদ
এই নিয়ে চলতি লিগে জয়ের হ্যাটট্রিক করল লিভারপুল। রবিবার কার্যত একপেশে ভাবেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল তারা। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আরও লজ্জার মুখে পড়তে হত এরিক টেন হ্যাগের ছেলেদের। শুরুর সাত মিনিটেই আলেকজান্ডার আর্নল্ডের জোরালো শট জড়িয়ে যায় ইউনাইটেডের জালে। তবে রেফারি অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন। তবে প্রথম গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ম্যাচের ৩৫ মিনিটে সালাহর বাড়ানো ক্রসে হেড করে গোল করেন দিয়াজ। ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। সাত মিনিট যেতেই আবার ইউনাইটেড রক্ষণে চড়াও হয় সালাহ-দিয়াজ জুটি। আবারও সালাহর বাড়িয়ে দেওয়া বলে দ্বিতীয় গোল করেন কলম্বিয়ান তারকা দিয়াজ। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেই তৃতীয় গোলটি করেন সালাহ। তখনই জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায় তাদের। পরে আরও কয়েকবার ইউনাইটেড রক্ষণভাগকে বেকায়দায় ফেললেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল।

অন্যদিকে, সম্মানের ম্যাচে কার্যত খুঁজেই পাওয়া যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাঁদের খেলা দেখে মনেই হচ্ছিল না প্রত্যাবর্তন করতে পারবে। মাঝমাঠে নিয়ন্ত্রণ বরাবর নিজেদের দখলে রাখতে সক্ষম হয় লিভারপুল। ফলে খুব বেশি গোলের বলও তৈরি করতে পারছিলেন না রাশফোর্ড, ব্রুনোরা। বিক্ষিপ্তভাবে দুটি গোলের সুযোগ পেয়েছিলেন তাঁরা। কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন দলের নবাগত স্ট্রাইকার হুসুয়া জির্কজি। অবশেষে পুরো ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়েন ভার্জিল ভ্যান ডাইকরা। এই জয়ের পরে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে আসে লিভারপুল। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে তিনটির মধ্যে দুটি হেরে চোদ্দ নম্বরে নেমে গিয়েছে ইউনাইটেড। আগামী ১৪ সেপ্টেম্বর রয়েছে তাঁদের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ সাউদাম্পটন। সেই ম্যাচে সম্ভবত অভিষেক হবে পিএসজি থেকে দলে যোগ দেওয়া ম্যানুয়েল উগার্তের। কিন্তু জয় আসবে কি? সেটাই এখন প্রশ্ন দলের সমর্থকদের।
#Premier League
#Manchester United
#Liverpool
#Colombian star Diaz
#Husua Zirkji


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার