Home » এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ হকির মেগা ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ হকির মেগা ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের হকিতে দারুন প্রদর্শন ভারতের। বৃহস্পতিবার ৩-১ গোলে কোরিয়াকে হারিয়েছে ক্রেগ ফাল্টনের দল। টেবিল টপার এখন তাঁরাই। পিছিয়ে নেই পড়শী পাকিস্তান। টেবিলে এখন দ্বিতীয় তাঁরা। আয়োজক দেশ চিনকে ৫-১ গোলে হারিয়ে একতরফা ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান। শেষ চারের লক্ষ্যে এবার ভারতের সঙ্গে খেলবে তাহির জামানের দল। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী।

আরও পড়ুন   আনোয়ার আলি ইস্যুতে এবার দিল্লি হাইকোর্টে ইস্টবেঙ্গল, পাল্টা নালিশ মোহনবাগানের

সম্প্রতি প্যারিস অলিমপিক্সে দারুন খেলেছে ভারত। হারিয়েছে অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেনের মত শক্তিশালী বিপক্ষকে। রুদ্ধশ্বাস ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ মেডেল। চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও দারুন ছন্দে আছে হরমনপ্রিতরা। প্রতিযোগিতার শেষ চার ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে ভারত। জাপানের মত দল পাঁচ গোল হজম করেও একটা গোল জড়াতে পারেনি ভারতের জালে। চিনের বিরুদ্ধেও কোনও গোল না খেয়েই তিনবার বিপক্ষের গোলে বল ঢুকিয়েছে ভারত। আট গোল দিয়ে কার্যত উড়িয়ে দিয়েছিল মালয়েশিয়াকে। সেদিনই আবার দেশের হয়ে দু’শত গোল সম্পূর্ণ করার নজির গড়েছেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এবার মোকাবিলা করার পালা পাকিস্তানের সঙ্গে।

হকি বিশ্বের একসময়ের ত্রাস, পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সোহেল আব্বাসের দেশ শীর্ষে না থাকলেও ভালো খেলছে প্রতিযোগিতায়। শেষ দশ বছর পাক হকি দলের বিপর্যয়ের দশক বলেই মনে করছেন অনেকে। গত বছর বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি তাঁরা। টিকিট পায়নি প্যারিস অলিমপিক্সেও। দলের এই দুর্দশার অন্যতম কারণ ছিল ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ সমস্যা ও আর্থিক মন্দা। তবে সময় লাগলেও ছন্দে ফিরবে বলেই বিস্বাস পাকিস্তান হকি দলের বর্তমান কোচ তাহির জামানের। সম্প্রতি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন “পারফরম্যান্সের দিক থেকে রাতারাতি দল শীর্ষে উঠে আসবে না। এটা সময় সাপেক্ষ বিষয়। ধৈর্য্য রাখতে হবে। এর কোন শর্টকাট নেই। তবে আমাদের দেশে অনেক প্রতিভা আছে। তাদের সঠিকভাবে কাজে লাগিয়ে পাকিস্তান দ্রুতই পুরানো ছন্দে ফিরবে। সমর্থকরা দেশকে যেখানে দেখতে চান সেখানে ফিরে আসতে আমাদের একটু সময় দিতে হবে।”

এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের হকিতে পাকিস্তানের প্রদর্শন দেখে উচ্ছসিত সমর্থকেরা। ভুলে গিয়েছেন বিশ্বকাপ ও অলিমপিক্সের ছাড়পত্র না পাওয়ার দুঃখ। প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও কোরিয়ার সাথে ম্যাচ ড্র করেছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-১ গোলে পেয়েছে প্রথম জয়। শেষ ম্যাচে দাপট দেখিয়েছে চিনের বিরুদ্ধে। মাত্র এক গোলের বিনিময়ে চিনের জালে পাঁচবার বল জড়িয়ে দিয়েছে তাঁরা। পয়েন্টস টেবিলে আট পয়েন্ট নিয়ে ভারতের পড়েই স্থান পাকিস্তানের। শেষ চারে নিজেরদের জমি পাকা করতে এবার হারাতে হবে ভারতকে অথবা ম্যাচ করতে হবে ড্র। সুতরাং যেমনটা ভাবা হচ্ছিল তার থেকে তুলনামূলক ঘুরে দাঁড়িয়েছে আমাদ শাকিলরা। কার্যত ১৪ সেপ্টেম্বর একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে আছেন দুই দেশের সমর্থকেরা।

#Asian Champions League
#Craig Fulton
#Paris Olympics
#Harmanpreet Singh 

About Post Author