স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ সেপ্টেম্বর: ঢাকে কাঠি পড়ছে ইন্ডিয়ান সুপার লিগের। শুক্রবার যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। গতবার ঘরের মাটিতে আইল্যান্ডারদের হারিয়ে লিগ শিল্ড জিতেছিল সবুজ মেরুন। তার কিছুদিনের মধ্যেই প্রতিশোধ নিয়েছিল মুম্বই। সেই যুবভারতীতেই মোহনবাগানকে হারিয়ে আইএসএল ট্রফি নিয়ে যায় আরব সাগরের তীরে। ভারতীয় ফুটবলের এই চর্চিত দ্বৈরথ দিয়ে শুরু হতে চলেছে নতুন মরশুম।
আরও পড়ুন Bangladesh Cricket Team: শরিফুলের চোট, দলে জাকির, ভারত সফরের দল ঘোষণা বাংলাদেশের
গতবারের তুলনায় দুই দলেই একাধিক পরিবর্তন হয়েছে। মুম্বই ছেড়ে আইএসএলের অন্য দলে যোগ দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড জর্জ পেরেরা দিয়াজ, ভারতীয় মিডফিল্ডার অপুইয়া-সহ একাধিক ফুটবলার। গত আইএসএল ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে সেরা ফুটবলার হয়েছিলেন অপুইয়া। তিনি এবার শিবির বদল করে মোহনবাগানে। অন্যদিকে, পরিবর্তন এসেছে মোহনবাগান দলেও। আন্তোনিও লোপেজ হাবাসের বদলে কোচ করা হয়েছে হোসে মলিনাকে। দলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে মোহনবাগানের। ক্লাব ছেড়েছেন গতবারের রক্ষণের দুই নিয়মিত ফুটবলার আনোয়ার আলি ও হেক্টর ইয়ুস্তে। আর্মেনিয়ার ফরোয়ার্ড সাদিকুর বদলে দলে নেওয়া হয়েছে এ লিগের চারবারের সোনার বুট জয়ী জেমি ম্যাকলারেনকে। যদিও চোটের কারণে মুম্বই ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মোহনবাগানের চিন্তা বাড়িয়েছে দলের রক্ষণ। ডুরান্ড কাপের ফাইনালে দুই গোলে এগিয়ে গিয়েও, হারতে হয়েছে রক্ষণের দুর্বলতার জন্য। এখনও নিজেদের নতুন দলে মানিয়ে নিতে পারেননি টম অ্যালড্রেড ও আলবার্তো রদ্রিগেজ। মুম্বইয়ের বিরুদ্ধে আলবার্তোর মাঠে নামা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আনোয়ারের বদলি হিসেবে কোনও অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে পারেনি মোহনবাগান। পাশাপাশি দলের চিন্তা বাড়িয়েছে লেফটব্যাকে শুভাশিস বসুর ধারাবাহিকতার অভাব।

যদিও দলের গোল খবর পিছনে একজনকে দায়ী করতে চাননি মোহনবাগান কোচ হোসে মলিনা। তিনি চেষ্টা করেছেন যে কটা দিন পাওয়া গিয়েছে তার মধ্যে দলকে তৈরি করতে। কিন্তু এখনও যে প্রস্তুতির অভাব রয়েছে ম্যাচের আগের দিন স্বীকার করে নিয়েছেন সবুজ মেরুন হেডস্যার।গত কয়েক মরশুম ধরে ভারতীয় ফুটবলের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ হয়ে উঠেছে মোহনবাগান বনাম মুম্বই সিটির ম্যাচ। সেই ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করলেও, তাঁর দলও প্রস্তুত বলে জানিয়ে দিলেন মলিনা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার