Home » ফুটবলের মাঠ ছেড়ে এবার হলিউডে পা মেসির, খুললেন প্রযোজনা সংস্থা

ফুটবলের মাঠ ছেড়ে এবার হলিউডে পা মেসির, খুললেন প্রযোজনা সংস্থা

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর: ফুটবলের মাঠ কাঁপিয়ে এবার হলিউডের দুনিয়াতেও ঝড় তুলতে আসছেন লিওনেল মেসি। ফুটবল দুনিয়ায় সবই পাওয়া হয়ে গিয়েছে তাঁর। জয় করা বাকি নেই কোনও খেতাবই। এবার তাই মাঠের বাইরে গিয়ে হলিউডের দুনিয়ায় আলো ছড়াবে এলএম টেন। আটবার সোনার বল জিতে নেওয়া আর্জেন্টিনীয় এই মহাতারকার চোখ এবার হলিউডের রুপোলি জগতে। তবে অভিনয় নয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলিউডে পা রাখতে চলেছেন প্রযোজক রূপে। ওয়েব সিরিজ থেকে সিনেমা, সবেতেই বিনিয়োগ করবে মেসির বিরাট বাজেটের নতুন প্রযোজনা সংস্থা। যার নাম ‘৫২৫ রোসারিও’।

আরও পড়ুন    আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ‘ঘনিষ্ঠ’ বিরূপাক্ষ বিশ্বাসকে তলব CBI-র

নিজের প্রিয় জন্মস্থানের নামেই খুলেছেন নিজের প্রযোজনা সংস্থাটি। বিনিয়োগ করবেন সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপনী ভিডিও যেকোনও ধরনের প্রোডাকশনেই। সঙ্গে রয়েছে আরও বিশেষ চমক। এই সংস্থা শুধু প্রাক্তন বার্সেলোনা তারকার নিজের জন্য নয়, বিশ্বের যে কোনও বিখ্যাত ক্রীড়াবিদের জন্যও প্রযোজনার দায়িত্ব নেবে।

মেসিকে নিয়ে ইতিমধ্যেই স্মাগলার এন্টারটেইমেন্ট নামে একটা সংস্থা দুটি তথ্যচিত্র বানিয়েছে। যেগুলোর নাম ‘মেসি’স ওয়ার্ড কাপ, দ্য রাইস অফ এ লেজেন্ড’ এবং ‘মেসি মিট’স আমেরিকা’। নাম শুনেই বোঝা যাচ্ছে সিনেমার বিষয়বস্তু। প্রথমটিতে দেখানো হয়েছে মেসির বিশ্বকাপ জয়ের ইতিহাস ও দ্বিতীয়টিতে কোপা আমেরিকা জয়ের যাত্রা। এবার সেই স্মাগলার এন্টারটেইমেন্ট সংস্থার সঙ্গেই হাত মিলিয়ে নয়া অভিযানে নামছেন আর্জেন্টিনীয় তারকা। বর্তমানে মেসির মোট সম্পত্তি ১.১৫ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার কোটি টাকা। এবার হলিউডে তাঁর পদার্পন এই সম্পত্তিকে আরও কতগুন বাড়িয়ে দেবে তা এখন মেসি অনুরাগীদের আলোচনার ‘হট টপিক’।

সিমেনার জগতে নতুন যাত্রা শুরু করার আগে উৎসাহী মেসি বলেছেন, “বিনোদন আমার কাছে সব সময়ই বিশেষ আকর্ষণের জায়গা। ফুটবল মাঠেও তো বিনোদনই দিয়েছি দর্শকদের। এখন সেটা দেব ভালো সিনেমার মাধ্যমে। নতুন সংস্থা নিয়ে আমি খুবই উত্তেজিত। ভবিষ্যতে এর বিশ্বব্যাপী বিস্তারের পরিকল্পনাও করে রেখেছি।” হলিউডের শহর লস অ্যাঞ্জেলস থেকে সংস্থা চালানোর পরিকাঠামো তৈরি করে ফেলেছেন ৩৭ বছরের তারকা। বর্তমানে তিনি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে ফুটবল খেলেন। কাজেই সেখান থেকে সংস্থা পরিচালনা করতে একটি অফিস অপরিহার্য ছিল।

#Messi #LionelMessi #MessiProductionHouse  #Hollywood

About Post Author