Home » CHESS OLYMPIAD: বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জিতে ইতিহাস ভারতের

CHESS OLYMPIAD: বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে জোড়া সোনা জিতে ইতিহাস ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ নতুন ইতিহাস গড়লেন ভারতীয় দাবাড়ুরা। বুদাপেস্টে ৪৫ তম দাবা অলিম্পিয়াডে পুরুষ ও মহিলাদের দলগত বিভাগে জোড়া সোনা জিতেছেন তাঁরা। এই প্রতিযোগিতায় প্রথম বারের জন্য এত বড় সাফল্য পেল ভারত। নতুন কীর্তি গড়ার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ও আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেও মেসির স্টাইলে উল্লাস করতে দেখা গেল গুকেশ-তানিয়াদের।

দাবা অলিম্পিয়াডে শেষ রাউন্ডের আগে সোনা জেতার লড়াইয়ে হাড্ডাহাড্ডি টক্কর চলছিল। ভারতীয় পুরুষ দলের ১০ রাউন্ড শেষে স্কোর ছিল ১৯ পয়েন্ট। পিছিয়ে ছিল না দ্বিতীয় স্থানে থাকা চিনও। তাদের স্কোর তখন ১৭ পয়েন্ট। ভারতের ম্যাচ ছিল স্লোভেনিয়ার বিরুদ্ধে। আর চিনের ম্যাচ ছিল আমেরিকার বিরুদ্ধে। সেই ম্যাচে পয়েন্ট নষ্ট করে চিন। তখনই ভারতের সোনা জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে ভারতকে সোনা জিততে হয়নি। ভারতের হয়ে ম্যাচ জেতেন প্রজ্ঞানন্দ, গুকেশ, অর্জুন এরিগাইসি।

প্রথম ম্যাচে গুকেশ হারিয়ে দেন স্লোভেনিয়ার ভ্লাদিমির ফেদোসিভকে। কালো ঘুঁটি নিয়ে শুরু করেন বিশ্বের তিন নম্বর। যদিও তাতে কোনও সমস্যা হয়নি। লড়াই করেও ভ্লাদিমির হারাতে পারেননি ভারতের অষ্টাদশী গ্র্যান্ডমাস্টারকে। কয়েকদিন পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবেন তিনি। প্রতিদ্বন্দ্বী চিনের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন। তার আগে এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়াবে গুকেশের। দ্বিতীয় ম্যাচে  স্লোভেনিয়ার ইয়ান সুবেলিকে হারিয়ে দেন অর্জুন। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কালো ঘুঁটি নিয়ে খেলে জয় আসে। এই ম্যাচের পর ভারতের সোনা জয় নিশ্চিত হয়ে যায়। কিন্তু তৃতীয় ম্যাচে গা ছাড়া মনোভাব দেখাননি প্রজ্ঞানন্দ। স্লোভেনিয়ার অ্যান্টন ডেমচেঙ্কোর বিরুদ্ধে জয় পান তিনি।

আরও পড়ুনঃ FC BARCELONA: ভিয়ারিয়েলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় বার্সেলোনার

মেয়েদের বিভাগেও সোনা আসে ভারতের ঝুলিতে। দশ নম্বর রাউন্ডে চিনকে হারানোর পর ভারতের সোনা জয়ের রাস্তা আরও প্রশস্ত হয়ে যায়। শেষ রাউন্ডে বৈশালীদের সামনে ছিল আজারবাইজান। সেখানে ভারতের মেয়ে দাবাড়ুরা জয়ী হয় ৩.৫-০.৫ ব্যবধানে। নিজেদের ম্যাচ জিতে নেন ডি হরিকা, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়াল । প্রজ্ঞানন্দের দিদি বৈশালী জিততে পারেননি। তিনি ড্র করলেও ভারতের সোনা জয় আটকায়নি। প্রথমবারের জন্য ভারতের মেয়েরা দাবা অলিম্পিয়াডে সোনা জিতলেন।

About Post Author