Home » Premier League: দশজনের আর্সেনালের বিরুদ্ধে আটকে গেল ম্যানচেস্টার সিটি

Premier League: দশজনের আর্সেনালের বিরুদ্ধে আটকে গেল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ প্রিমিয়ার লিগের দুই অন্যতম দাবিদারের ম্যাচ শেষ হল অমীমাংসিত। রবিবার ইতিহাড স্টেডিয়ামে লিগ শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল আর্সেনালের । এই ম্যাচে জিতলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে আরও কয়েক কদম এগিয়ে যেতে পারত পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশজনের বিপক্ষকে পেয়েও কাজে লাগাতে পারল না তারা। ম্যাচ শেষ হল ২-২ গোলে।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এই গোলের পাশাপাশি সিটিজেনদের হয়ে গোলের সেঞ্চুরি করে ফেললেন নরওয়ের স্ট্রাইকার। সুযোগ সন্ধানী স্ট্রাইকারদের মত আর্সেনাল রক্ষণভাগের ফুটবলারদের বোকা বানিয়ে গোল করে যান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে আর্সেনালের তিন কাঠির তলায় দুর্ভেদ্য হয়ে ওঠা ডেভিড রায়ার পক্ষেও সেই শট বাঁচানো সম্ভব হয়নি। যদিও খুব বেশি সময় গোল ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২২ মিনিটে প্রত্যাঘাত করে আর্সেনাল। এখানেও গোলটির ক্ষেত্রে সিটির ফুটবলারদের দায়ী করা যায়। একজন ফুটবলার মাটিতে পড়ে গেলে খেলা বন্ধের নির্দেশ দেন রেফারি। তিনি যখন ফের খেলা শুরুর বাঁশি বাজান তখন সিটির ফুটবলারদের প্রস্তুতি নেওয়ার আগেই গোল করেন আর্সেনালের ডিফেন্ডার রিকার্ডো কালাফিয়োরি। প্রথমার্ধের শেষে আবারও ধাক্কা খায় সিটি ব্রিগেড। বুকায়ো সাকার বাড়ানো ক্রস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। প্রথমার্ধের সংযুক্তি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড।

আরও পড়ুনঃ  FC BARCELONA: ভিয়ারিয়েলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় বার্সেলোনার

দ্বিতীয়ার্ধের গোটা সময় দশজনে খেলতে হয় আর্সেনালকে। ম্যানচেস্টার সিটির কাছে সুযোগ ছিল গোল শোধ করে এগিয়ে যাওয়ার। কিন্তু আর্সেনাল ফুটবলারদের নাছোড় মনোভাবে কিছুতেই গোলশোধ করে উঠতে পারছিল না সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে বুকায়ো সাকাকে তুলে ডিফেন্ডার বেন হোয়াইটকে নামিয়ে দেন আর্সেনাল কোচ। রক্ষণে লোক বাড়িয়ে দেওয়ায় সিটির পক্ষে গোল শোধ করা কঠিন হয়ে পড়ে। গুয়ার্দিওলার ছেলেদের যাবতীয় আক্রমণ আর্সেনালের বক্সে গিয়ে থেমে যাচ্ছিল। এই পরিস্থিতিতে দলকে হারের মুখ থেকে বাঁচিয়ে দেন জন স্টোনস। দ্বিতীয়ার্ধের একদম শেষ মুহূর্তে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ড্র করলেও লিগের শীর্ষ স্থান ধরে রাখল সিটিজেনরা।

About Post Author