স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অক্টোবরঃ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে পড়শী পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন হরমনপ্রীত কৌররা। জয়ে ফিরলেও প্রতিযোগিতার সেমিফাইনালে এখনই ওঠা হচ্ছে না। তা হলে কোন অঙ্কে গ্রুপ রাউন্ডের বাধা টপকাতে পারবে উইমেন ইন ব্লু ব্রিগেড?

ভারতের কাছে চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্ক বেশ জটিল। যদিও এই অঙ্কটা আরও সহজ করার সুযোগ ছিল হরমন-স্মৃতিদের কাছে। কিন্তু তাঁরা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান তোলেন নিদা ডারেরা। সেই রান তাড়া করতে নেমে যে আগ্রাসী ব্যাটিং ভারতের করা উচিৎ ছিল, সেটা তাঁরা করতে পারেননি। কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হারায়, নেট রানরেটের দিক থেকে তলানিতে নেমে যায় ভারত। সেটা মেরামত করতে হলে পাকিস্তান ম্যাচে বড় রানে বা অনেক বল ও উইকেট হাতে নিয়ে জিততেই হত হরমনপ্রীতদের। সেখানে ১০৮ রান তুলতে ১৮.৫ ওভার নেন স্মৃতি, হরমনপ্রীতরা। খরচ করেন ৪ উইকেট। ফলে নেট রানরেটে ব্যাপক উন্নতি হয়নি।
দুই ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ২। নেট রানরেট -১.২১৭। হরমনপ্রীতদের হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের এক ম্যাচে ২ পয়েন্ট। নেট রানরেট ২.৯০০। শ্রীলঙ্কাকে হারিয়ে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের নেট রানরেট ১.৯০৮। ভারতের বিরুদ্ধে হারলেও তিন নম্বরে পাকিস্তান। দুই ম্যাচে ২ পয়েন্ট তাদের। নেট রানরেট +০.৫৫৫। সমান ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে চার নম্বরে ভারত। শেষে রয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন দল এখনও জয়ের দেখা পায়নি।
ভারতের হাতে রয়েছে দুটি ম্যাচ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে হরমনপ্রীতদের। সেই দুটি ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। তারপরেও ভারতকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দিকে। এই দুটি দলকে বাকি তিনটি ম্যাচ জিতলে চলবে না। যদিও সেটা সম্ভব নয়। কারণ অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। যদি ধরে নেওয়া যায় অজি ও কিউয়িরা পরের দুটি ম্যাচ জিতে ছয় পয়েন্টে পৌঁছল। সেখানে ভারতকে নিজেদের রানরেটে উন্নতি করতে হবে। বাকি দুই ম্যাচের দুটি বা একটিতে বড় ব্যবধানে জিততে হবে হরমনপ্রীতদের।
আরও পড়ুনঃ Premier League: মার্টিনেজের গ্লাভসে আটকে গেল ইউনাইটে়ড, মাদুয়েকের গোলে মুখরক্ষা চেলসির
টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া। যদি ধরে নেওয়া যায় পরের সব ম্যাচ জিতল অজিরা, যার মধ্যে ভারতও রয়েছে। সেখানে ৮ পয়েন্ট পেয়ে প্রথম দল হিসেবে এ গ্রুপ থেকে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করে নেবে অস্ট্রেলিয়া। ভারত শ্রীলঙ্কাকে হারালে পয়েন্ট হবে ৪। তখন ভারতকে ভরসা করতে হবে দুই পড়শি দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার উপর। যদি তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তখন নেট রানরেটের হিসেবে ভারতের সামনে সেমিফাইনালের দরজা খুলে যেতে পারে।


More Stories
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব