স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ অক্টোবর: গতবার বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েই রেকর্ড পনেরো বারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছিল রিয়াল মাদ্রিদ । মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে নাটকীয় ম্যাচে জার্মানির সেই ক্লাবকেই হারাল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। স্পেনের ক্লাব জয় পেল ৫-২ গোলে। দলকে জয়ের পথ দেখালেন ভিনিসিয়াস জুনিয়র।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের প্রথম পর্বের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচ হলেও শুরুটা আশাপ্রদ হয়নি আয়োজকদের। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েন তাঁরা। ৩০ মিনিটে গোল করে বরুসিয়াকে এগিয়ে দিয়েছিলেন ড্যারেন ম্যালেন। চারমিনিট পর সেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন জেমি গিটেন্স। একটা সময় মনে হয়েছিল প্রতিশোধের নেশায় মাঠে নেমেছে জার্মানির ক্লাবটি। দাপুটে ফুটবল খেলেই বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট পর্যন্ত রিয়ালের আক্রমণের হাত থেকে নিজেদের দূর্গ অক্ষত রাখতে পেরেছিলেন নুরি সাহিনের ছেলেরা। কিন্তু সান্তিয়াগোয় রিয়ালকে হারানো, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগে সহজ কাজ নয়। সেটাই এ দিন যেন হারে হারে টের পেল জার্মান ক্লাবটি। শেষ ৩০ মিনিট লস ব্ল্যাঙ্কোসদের আক্রমণের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল ডর্টমুন্ড রক্ষণ। ঝড়ের শুরুটা হয়েছিল কিলিয়ান এমবাপ্পে-রুডিগারের যুগলবন্দীতে। ফরাসি বিশ্বজয়ী তারকার বাড়ানো ক্রসে হেড করে ব্যবধান কমান রুডিগার। এর মিনিট দুয়েক পরেই দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস।
৮৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লুকাস ভাসকেজ। আর বাকি কাজটা করলেন আগামী ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী। ৮৬ মিনিটে বেলিংহামের পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ভিনি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নিজের হ্যাটট্রিকটি পূর্ণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। রিয়ালের জার্সিতে এটা ছিল ভিনির তৃতীয় হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম। শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। শাখাতার ডোনটেস্ককে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। যদিও ঘরের মাঠে এই জয়ে ইংল্যান্ডের ক্লাবের কোনও ফুটবলার গোল করতে পারেননি। একমাত্র গোলটি হয়েছে আত্মঘাতী। পিছিয়ে পড়েও নেদারল্যান্ডের ক্লাব পিএসভির বিরুদ্ধে ১-১ গোলে খেলা শেষ হয়েছে পিএসজির। একই রাতে জার্মানির স্টুর্টগার্ট ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালির ক্লাব জুভেন্টাসকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার