স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ নভেম্বরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামের দ্বিতীয় দিনে নতুন নজির। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কোটিপতি হয়ে নজির গড়ল বৈভব সূর্যবংশী । ১ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস। বিহারের কিশোরকে দলে পেতে আগ্রহী ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসও। কিন্তু শেষ পর্যন্ত টাকার লড়াইয়ে রাজস্থানের কাছে পরাজিত হন।

সোমবারের আগে পর্যন্ত আইপিএলের নিলামে কোটিপতি হওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিল প্রয়াস রায় বর্মন। ২০১৯ সালের নিলামে ১.৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০২৩ সালে আইপিএলের নিলামে নাম তুলেছিল আফগানিস্তানের আল্লাহ গাজাফনার। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর ১৬১ দিন। কিন্তু সে বার সে অবিক্রিত ছিল। তবে সোমবার সব নজির ভেঙে গেল। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে নজির গড়ল বৈভব রাজবংশী। এদিনের মেগানিলামে যখন তাঁকে কিনল রাজস্থান রয়্যালস, তখন বিহারের কিশোরের বয়স মাত্র ১৩ বছর ২৪৩ দিন। তাঁর নাম নিলামে ঘোষণা করেন সঞ্চালিকা মল্লিকা সাগর। নূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। প্রথমেই তাঁকে পেতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। তারপর বৈভবকে পেতে আসরে নামে রাজস্থান। সৌরভদের দলের কাছে তখন অবশিষ্ট ছিল ২ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে রাজস্থানের হাতে ছিল সাড়ে ৩ কোটি টাকা। কয়েকবার দর কষাকষির পর শেষ হাসি হাসেন রাহুল দ্রাবিড়রা। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে ভবিষ্যতের সম্ভাব্য তারকাকে দলে নিলেন তাঁরা। আইপিএলে লেখা হল নতুন ইতিহাস।
বিহারের তাজপুর গ্রামের কৃষক পরিবারের ছেলে বৈভব। মাত্র চার বছর বয়সে বাবা সঞ্জীব রঘুবংশীর কাছেই পেয়েছিল ক্রিকেটের হাতেখড়ি। একটা সময়ে সঞ্জীব নিজেও ক্রিকেটার ছিলেন। তবে নিজের ক্রিকেট প্রতিভাকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে তিনি পারেননি। ছেলেকে খুব ছোট বয়স থেকেই ক্রিকেটের পাঠ দেন। দেশের অন্যতম কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে রঞ্জি ট্রফিতে খেলেছে সে। বিনু মাঁকড় ট্রফিতে পাঁচ ম্যাচে ৪০০-র বেশি রান করে নজরে পড়ে। গত ১ অক্টোবর অষ্ট্রেলিয়া অনূর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে মাত্র ৫৮ বলে শতরান করে বৈভব। যা বয়সভিত্তিক লাল বলের ক্রিকেটে দ্রুততম। তাঁর ব্যাট থেকে আসে মোট ১৪ টি চার ও চারটি ছয়। সেই ইনিংস নিয়ে আলোচনা কম হয়নি। এ বার আইপিএলের মঞ্চে নিজের বৈভব দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক