Home » বিশ্বসেরা ভারতীয় স্পিনারের ক্রিকেট জীবন শেষ হয়েছিল নারীঘটিত অভিযোগে

বিশ্বসেরা ভারতীয় স্পিনারের ক্রিকেট জীবন শেষ হয়েছিল নারীঘটিত অভিযোগে

সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর : শেন ওয়ার্নের চেয়েও বড় মাপের স্পিনার ছিল সুভাষ গুপ্তে। স্যার গারফিল্ড সোবর্স  যিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান ও অলরাউন্ডারদের মধ্যে অন্যতম  তিনি এমনটাই বলেছিলেন। ভারতের হয়ে ৩৬ টি টেস্টে ১৫৯টি উইকেট পেয়েছিলেন প্রয়াত সুভাষ গুপ্তে । তাঁর বোলিং বৈচিত্র্য ছিল রূপকথার মত। ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছিলেন সুভাষ গুপ্তে। অথচ সেই সুভাষ গুপ্তের ক্রিকেট ক্যারিয়ার এক ধাক্কায় শেষ হয়ে যায় এক আশ্চর্য কারণে, স্রেফ এক মহিলার অভিযোগের ভিত্তিতে সবকিছু ধাক্কা খায় ।

আজও সুভাষ গুপ্তেকে ভারতের অন্যতম রহস্যময় বোলার বলে ধরা হয়। রহস্য তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্থান ঘিরে। দশ বছর ধরে ভারতের হয়ে হয়ে দুর্দান্ত খেলার পরে তাঁর কেরিয়ারের গ্রাফ যখন আকাশ ছুঁতে চলেছে তখনই কার্যত একটি অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেটে যবনিকা পড়ে যায়। সুভাষ গুপ্তের বয়স তখন ৩২।  আদতে কী হয়েছিল? কেন সেদিনের বিশ্বের সেরা স্পিন বোলার সুভাষ গুপ্তের আর টেস্ট খেলা হয়নি?

ইংল্যান্ড দলের ১৯৬১ -৬২ ভারত সফরের দ্বিতীয় টেস্ট ছিল দিল্লিতে। দিল্লিতে ইম্পেরিয়াল হোটেলে  ছিল ভারতীয় দল আর এই হোটেলের ৭ নম্বর রুমে সুভাষ গুপ্তের সঙ্গে ছিলেন কৃপাল সিং। এক মহিলা রিসেপশালিস্ট অভিযোগ করেন, তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ৭ নম্বর রুমে ডাকা হয়েছে। মদ খাওয়ার সঙ্গ দেওয়ার জন্যই নাকি মহিলাকে ডাকা হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টিকে ভালোভাবে নেয়নি। সুভাষ গুপ্তে বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেছিলেন, কৃপাল ফোন করেছিলেন রিসেপশনিস্টকে। বোর্ডের তরফে জিজ্ঞেস করা হয় তিনি কেন কৃপালকে আটকাননি! উত্তরে সুভাষ জানান, অত বড় চেহারার কৃপালসসিংকে তিনি আটকাবেন কি করে!  তবুও তাঁর জবাবে খুশি হয়নি বোর্ড! সুভাষ গুপ্তেও ক্ষমা চান নি। পরের টেস্ট ছিল কলকাতায়। সুযোগ পাননি তিনি। কৃপাল সিং পরবর্তী সময়ে ভারতের হয়ে খেললেও সুভাষ গুপ্তেকে আর ভারতের হয়ে খেলতে দেখা যায়নি। ১৯৬২ সালে অবসর নিয়ে নেন সুভাষ গুপ্তে। কার্যত অকালেই শেষ হয়ে যায় একটি অসামান্য সম্ভাবনা।।

আরও পড়ুন Indian Super League: ইন্ডিয়ান সুপার লিগে নয়া নজির ইস্ট-মোহনের!

About Post Author