Home » UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির

UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ নভেম্বরঃ খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে ০-৪ গোলে পর্যদুস্ত হতে হয়েছে।   চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ ছিল সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠার। কিন্তু ফেয়েনুর্ডের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এরফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জয়ের দেখা পেলেন না আর্লিং হালান্ডরা। সিটির পয়েন্ট নষ্ট করার দিনে বড় জয় পেয়েছে ইংল্যান্ডের অন্য ক্লাব আর্সেনাল।

মঙ্গলবার ঘরের মাঠ ইতিহাদে দুরন্ত শুরু করে ম্যানচেস্টার সিটি। দশ মিনিটের মধ্যে গোলের খাতা খুলতে পারত তারা। কিন্তু ডান প্রান্ত থেকে আকাঞ্জির পাঠানো বলকে জালে জড়াতে পারেননি আর্লিং হালান্ড। ২৩ মিনিটে ফডেনের শট বাঁচিয়ে দেন ফেয়েনুর্ড গোলরক্ষক। ৪১ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হালান্ডকে ফাউল করে বসেন টিম্বার। পেনাল্টি পায় আয়োজকরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। বিরতির সময় সেই গোলেই এগিয়ে ছিল সিটি। ৫০ মিনিটে গোল করে দলের ব্যবধান বাড়ান জার্মান মিডফিল্ডার ইকে গুন্ডোয়ান। তার তিন মিনিট পর স্কোরবোর্ড ৩-০ করেন হালান্ড।  নুনেজের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নরওয়ের গোলমেশিন। এই অবস্থায় মনে হয়েছিল দীর্ঘ পাঁচ ম্যাচ পর জয়ের সরণিতে ফিরছে ম্যানচেস্টার সিটি। কিন্তু চোদ্দ মিনিটের মধ্যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করে নেদারল্যান্ডসের ক্লাব। ৭৫ মিনিটে সিটির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান হাজ-মৌসা। ৮২ মিনিটে দ্বিতীয় গোল শোধ করে ফেয়েনুর্ড। এ বারও রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান ৩-২ করেন সান্তিয়াগো গিমিনেজ। নাটকের তখনও বাকি ছিল। ৮৯ মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন হ্যাঙ্কো।  পাইক্সাওয়ের ক্রস থেকে হেডে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। পেশাদারী কোচিং জীবনে এই প্রথম টানা ৬ ম্যাচে জয়ের মুখ দেখলেন না পেপ গুয়ার্দিওলা।

আরও পড়ুনঃ Indian Super League: ইন্ডিয়ান সুপার লিগে নয়া নজির ইস্ট-মোহনের!

সিটির ড্রয়ের দিন জয় বড় জয় পেয়েছে ইংল্যান্ডের অন্যতম হেভিওয়েট ক্লাব আর্সেনাল। স্পোর্টিং লিসবনকে তাদের ঘরের মাটিতে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। ৭ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হ্যাভার্টজ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে স্কোরবোর্ড ৩-০ করেন গ্যাব্রিয়েল। বিরতির পরেই একটি গোল শোধ করে স্পোর্টিং। প্রায় মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন গঞ্জালো ইনাসিও। যদিও ৬৫ মিনিটে আবার ব্যবধান বাড়ায় আর্সেনাল। পেনাল্টি থেকে ব্যবধান ৪-১ করেন বুকায়ো সাকা। ৮২ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে গানার্সরা।

About Post Author