স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ নভেম্বরঃ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের সরণীতে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা হারিয়ে দিল এভারটনকে। রুবেন আমোরিমের ছেলেরা জিতল ৪-০ গোলে। জোড়া গোল করলেন মার্কোস রাশফোর্ড ও হোসুয়া জির্কজি। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার প্রথম দশের মধ্যে চলে এল রেড ডেভিলরা।

আমোরিম দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে এভারটনের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল তারা। ম্যাচ শুরুর ৩১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মার্কোস রাশফোর্ড। ব্রুনো ফার্নান্ডেজের কর্নার থেকে ভলিতে শট নেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। জারেড ব্রেন্থওয়েটের পায়ে লেগে দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে। ৪১ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন জির্কজি। আবারও গোলের পাস বাড়িয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক। যদিও দ্বিতীয় গোলের ক্ষেত্রে অনেকটা অবদান প্রাপ্য আমাদ দিয়োলোর। এভারটনের এক ফুটবলারের থেকে মাঝমাঠে বলের দখল নেন তিনি। তারপর বেশ কয়েকজন বিপক্ষের ফুটবলারকে অবলীলায় কাটিয়ে পাস বাড়ান ব্রুনোকে। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল আয়োজকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মার্কোস রাশফোর্ড। জির্কজির বাড়ানো পাস ধরে ডানপ্রান্ত থেকে আক্রমণে ওঠেন দিয়োলা। তারপর বক্সের মধ্যে সেই বল সাজিয়ে দেন রাশফোর্ডকে। গোল করতে ভুল করেননি ইংরেজ ফরোয়ার্ড। ৬৪ মিনিটে ফের গোল পায় ইউনাইটেড। আবারও গোলের ক্ষেত্রে ছাপ রাখেন দিয়োলো। তাঁর বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জির্কজি। ৪-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তারপর আর খেলায় ফিরতে পারেনি সফরকারী দল। শেষের দিকে ক্যালভার্ট লিউনের অসাধারণ হেডার বাঁচিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক ওনানা।
আরও পড়ুনঃ Premier League: সিটিকে হারিয়ে লিগ জয়ের স্বপ্ন দেখা শুরু লিভারপুলের
প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল চেলসি। রবিবার ঘরের মাঠে তারা হারিয়ে দিল অ্যাস্টন ভিলাকে। এনজো মারেস্কার শিষ্যরা জিতল ৩-০ গোলে। খেলা শুরুর ৭ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটের মাথায় সেই ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্ডেজ। তাঁকে গোলের পাস বাড়িয়েছিলেন কোল পামার। প্রথমার্ধে দুটি গোল শোধ করার সুযোপ পান অ্যাস্টনের ওয়াটকিন্স। কিন্তু কাজে লাগাতে পারেননি। দ্বিতীর্ধেও খেলায় দাপট ধরে রাখে দ্যা ব্লুজরা। একাধিক সুযোগ তৈরি করলেও অ্যাস্টনের বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে আবার গোল পায় আয়োজকরা। দ্বিতীয় গোলের ক্ষেত্রে পাস বাড়ানো পামার তৃতীয় গোল করেন। এই জয়ের ফলে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল চেলসি। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়েছে তারা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার