Home » FC Barcelona: জোড়া গোল রাফিনহার, জয়ে ফিরল বার্সেলোনা

FC Barcelona: জোড়া গোল রাফিনহার, জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ নভেম্বরঃ লা লিগায় ফের জয়ের সরণীতে ফিরল ফুটবল ক্লাব বার্সেলোনা। মঙ্গলবার মায়োর্কাকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা। হ্যান্সি ফ্লিকের ছেলেরা জিতল ৫-১ গোলে। জোড়া গোল করলেন রাফিনহা। বাকি তিনটি গোল করলেন ফেরান তোরেস, ফ্র্যাঙ্কি দে জং ও পাউ ভিক্টর। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল কাতালানরা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। যদিও রিয়াল দুটি ম্যাচ কম খেলেছে।

লা লিগায় শুরুটা দুরন্ত করেছিল বার্সেলোনা। কিন্তু মাঝপথে ছন্দপতন হয়। শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। একটি ম্যাচ ড্র ও দুটি ম্যাচে হারতে হয়েছিল হ্যান্সি ফ্লিকের ছেলেদের। অবনমনের আওতায় থাকা লাস পালমাসের বিরুদ্ধে হার চাপে ফেলে দিয়েছিল তাদের। উল্টোদিকে নিজেদের শেষ তিন ম্যাচ জিতে তাঁদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে মায়োর্কার বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাতালানদের কাছে। ম্যাচের শুরুতে তাদের চাপে রেখেছিল আয়োজক দল। যদিও ১২ মিনিটের মাথায় গতির বিপরীতে এগিয়ে যায় বার্সেলোনা। বিপক্ষের ফুটবলারের ভুলে বল পেয়ে গোল করেন ফেরান তোরেস। প্রথমার্ধের শেষের দিকে সেই গোল শোধ করে দেয় মায়োর্কা।  মাফিওর কাছ থেকে বল পেয়ে বার্সার জালে বল জড়িয়ে দেন ভেদাত মুরিকি।  

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: আবারও ভারতকে ৩৬ রানে অলআউট করতে চায় অস্ট্রেলিয়া! পরিকল্পনা ফাঁস করলেন অজি ক্রিকেটার

দ্বিতীয়ার্ধে স্বমহিমায় দেখা যায় বার্সেলোনাকে। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্লিক ব্রিগেড। শুরুতেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু বিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি রাফিনহা। ৫৪ মিনিটে বক্সের মধ্যে ল্যামিনে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারী দল। স্পট থেকে গোল করতে ভুল করেননি রাফিনহা। ৭৪ মিনিটে আবার ইয়ামাল-রাফিনহা যুগলবন্দী দেখা যায়। স্পেনের তরুণ ফুটবলারের কাছ থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন রাফিনহা। এই নিয়ে এ বারের লিগে ১১ গোল করে ফেললেন ব্রাজিলের উইঙ্গার। গোলের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলেন তিনি। শীর্ষে রয়েছেন রাফিনহার সতীর্থ রবার্ট লেভানডস্কি। ইতিমধ্যে ১৫ গোল করে ফেলেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড। চতুর্থ গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ৭৯ মিনিটের মাথায় ইয়ামালের ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে যান পাউ ভিক্টর। তাঁর শট বিপক্ষের ফুটবলার ব্লক করে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে গোল করে স্কোরবোর্ড ৪-১ করেন ফ্র্যাঙ্কি দে জং। পরিবর্ত হিসেবে নেমে শেষ দুই গোলের ক্ষেত্রে অবদান রাখেন ডাচ মিডফিল্ডার। ৮৪ মিনিটের মাথায় তাঁর বাড়ানো পাস থেকেই পঞ্চম গোল করেন ভিক্টর। শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে সাতাশ বারের লিগজয়ীরা।       

About Post Author